মেঘেদের তল্লাটে
মেঘেদের তল্লাটে আজ দেব হানা
আমি এক ভবঘুরে, করবে কে মানা।
সাদা–কালো মেঘগুলো ধীরে ধীরে এসে
হিম হিম ছোঁয়া দিয়ে চলে যায় ভেসে।
মনটাও তার সাথে চলে যায় দূরে
আকাশটা ছুঁয়ে তবে আসে ঘুরে ঘুরে।
মাঝে মাঝে ঝরে পড়ে সবুজের মাঝে
মেঘগুলো সারা দিন থাকে তার কাজে।
তার মাঝে রোদ এসে ফিক ফিক হাসে
গগনের মেঘ সেজে মনটাও ভাসে।