বেঁচে থাকা মানে
বেঁচে থাকা মানে-
জীবনযুদ্ধে হার না মানা অদম্য এক সৈনিক
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকা দৈনিক।
বেঁচে থাকা মানে-
বুকের মাঝে স্বপ্ন আঁকা আগামীর দিন রঙিন
বেদনার এক সিঁড়ি বেয়ে সুখকে খোঁজা রাত–দিন।
বেঁচে থাকা মানে-
ক্ষুধার কাঁটাতারে বন্দী, জীবন হাতের মুঠে
পাপ-পুণ্যে সময় ঘোড়া মৃত্যুর দিকে ছুটে।
বেঁচে থাকা মানে-
জীবন্ত এক কবিতার বই অজস্র যার পৃষ্ঠা
প্রতিদিনই লিখি আমরা সেকি সবার চেষ্টা!
বেঁচে থাকা মানে-
পদে পদে উল্টে পড়ে নিতে হবে শিক্ষা
আগামীর দিন সুন্দর করার নেব আমরা দীক্ষা।