অবনত

অলংকরণ: মাসুক হেলাল

কত বৃক্ষ আজ বৃদ্ধ হয়ে
ঝুঁকে পড়েছে তৃণের দিকে
কত মেঘ ফুলতে ফুলতে
ভারী হয়ে নেমে এসেছে তরলভাবে
কত চঞ্চল অবাধ্য স্রোত
নত হয়েছিল চরের শুকনা বালুতে
সে ইতিহাস কে ঘেঁটে দেখে
কে শেখে—নত হতে হয় দিন শেষে
মহাকালের অন্ধকার বসে আছে
স্থির করে তোমাকে শায়িত করবে বলে।