আলি কাকা থানায়

কাঁচা মরিচ

ঘণ্টা দেড়েক জমির ময়লা
পরিষ্কারের পরে-
বিশ্রাম নিতে আলি কাকা
ফিরে এল ঘরে।
বসতে গেলেই টিভির মাঝে
খবর শোনেন কাকা,
দেশের মাঝে কাঁচা মরিচ
হলো হাজার টাকা।
আর বসেনি খবর শুনে
জলদি গেল থানায়,
নিরাপত্তা লাগবে মালের
ওসি সাবকে জানায়।
এমন কথা শুনে তখন
ওসি অবাক হলেন,
তিনি জানেন আলি কাকা
কোনোমতে চলেন।

জিজ্ঞেস করেন ওসি সাহেব
সম্পদ কোথায় পেলেন?
তড়িগড়ি নিরাপত্তা
চাইতে থানায় এলেন!
কাকা বলল আমার কাছে
বর্গাজমি আছে,
চাষ করেছি এবার মরিচ
ধরছেও খুব গাছে।
শুনেননি কি আজকে খবর?
বলল আলি কাকা,
কাঁচা মরিচ সোনার হরিণ
মূল্য হাজার টাকা।
মরিচ লুটের ভয়ে এলাম
থানার মাঝে ছুটে,
পুলিশ থাকলে পারবে না কেউ
মরিচ নিতে লুটে।