সাধারণ তুমি

অলংকরণ: মাসুক হেলাল

কুমড়ো ফুলের নরম ডগায় জমে থাকা ভোরের শিশির,
প্রজাপতির বাহারি রঙের রঙিন ডানা,
কিংবা শরীরের লোমগুলো শিউরে তোলা কয়েক ফোঁটা বৃষ্টিকণা,
তারাও তো তোমার মতোই অতি সাধারণ!
সাধারণ সে মায়াবী মুখের হাসিতে
গাছের পাতা নড়ে না,
কিন্তু অন্তরে তোলে ঝড়!
সে ঝড় অনুভব করি প্রতিক্ষণে।
প্রসাধনীর প্রলেপে নয়,
নয় বাহারি রাঙা পোশাকে,
তোমাকেই খুঁজে পাই
সাদাসিধে মলিন তোমাতে।
সাধারণের মাঝে অসাধারণ চিরযৌবনা হয়ে,
বেঁচে থাকো তুমি
আর বেঁচে থাকুক তোমার স্বপ্নগুলো।