নভেম্বরের সকাল

কুয়াশায় মোড়ানো নভেম্বরের সকাল। সূর্যের আলো সোনালি রং ধারণ করছেছবি: হাসান মাহমুদ

প্রিয় সকাল,

অক্টোবর গিয়ে নভেম্বরের প্রথম চার দিন এরই মধ্যে চলে গেছে। আজ পঞ্চম দিন। বাতাসে হালকা শীতের আনাগোনা। বাইরে শিউলির গন্ধের সঙ্গে কমলা রঙের রোদেরা খেলা করছে।

এবার নিশ্চয়ই টের পেয়েছ কেন লিখছি তোমাকে। হুম...। নভেম্বর আর ডিসেম্বরের সকালগুলো আমার কাছে অনেক দামি। সন্ধ্যায় ছাতিমের গন্ধের সঙ্গে ভেসে আসে তোমার অস্তিত্ব। বারবার মনে করিয়ে দেয় এ রকম কতশত সন্ধ্যা পার করেছি দুজনে।

তুমি মানুষটা ভীষণ অদ্ভুত! কবিতার মতো। না হলে কেউ কি বলে, মহেশ্বরী তুমি বরং আমার কবিতাই পড়; আমাকে ভালোবাসতে হবে না!

সেই থেকে কবিতা আমার ভীষণ প্রিয়। একবেলা না খেয়ে কাটিয়ে দিতে পারলেও কবিতা না পড়ে থাকতে পারব না। জানো তো, মনের শান্তিই আসল শান্তি।

আজ আর লিখব না। অন্য কোনো সকাল কিংবা সন্ধ্যায় আবার লিখতে বসব তোমাকে। তত দিন তোমার কিছু স্মৃতি থাকুক অবসরে বয়ে বেড়ানোর মতো।