বদলে যাবে
বদলে যাবে সেই দিন সবকিছু
আপন বলয়ে অস্তিত্বের ভেতরে
যখন জ্বলবে গাণিতিক আলো।
থেমে যাবে একাকিত্বের ক্রন্দনধ্বনি।
নিঃসঙ্গতা পালাবে মধ্যরাতের
মাতাল হাওয়ার সঙ্গে।
একান্ত লীলালাস্যে মিশে যাবে সব।
আলো-অন্ধকার পরখ করা যাবে
নিজের মতো করে অবলীলাক্রমে।
বিচ্ছুরিত আলোয় সৃষ্টি হবে নতুন ভুবন
শূন্যতার আপেক্ষিকতায় নির্মিত হবে সব।
বদলে যাবে সেই দিন সবকিছু
উজ্জীবিত বিশ্বব্রহ্মাণ্ড যেদিন
ছড়াবে নতুন আলো,
আত্মার চিৎকারে থাকবে না মাতাল প্রবাহ।
ছলনা আর অবিশ্বাসের দূরত্ব মিশে গিয়ে
যেদিন হবে সব সংহারের সহমরণ,
বদলে যাবে সেই দিন সবকিছু
বদলে যাবেই।