প্রেমের প্রহেলিকা
সাদা সাদা মেঘগুলো ডানা মেলতে মেলতে উড়ে যায়:
কোনো এক আবেগের দেশে;
কাশ কুমারীরাও ফুরফুর করে উড়তে থাকে শরতের আকাশে,
রূপকথার থেকে একটু দূরে ওই স্বপ্নপুরীর দেশে।
স্বপ্নরা বুকের ভেতর বাসা বাঁধতে বাঁধতে বাসর সাজায়
আকাশের মতো রংধনুর সাত রঙে।
এভাবে প্রেমিকেরা দিনের পর দিন মনের ইচ্ছেগুলো
রঙিন আকাশে উড়িয়ে দিতে থাকে;
অন্যদিকে বুলবুলিরা উঁকিঝুঁকি মারে—
কেউ ভালোবাসার কথা বলে না মুখে, উড়ে আর উড়ে
দূরে দূরে ঘোরে।
যদি তুমি শক্ত করে ধরতে চাও তাহলে সে
চিরতরে হারিয়ে যায়;
আর যদি আলতো করে ধরো তুমি,
তাহলে বারবার খিলখিলিয়ে হেসে উড়াল দেয়।