সময়
সময়কে বলেছিলাম,
আমি যাচ্ছি অদূরে,
ফিরতে হবে না দেরি,
অপেক্ষা করো আমার জন্য।
কত কাজ আমার এদিক–সেদিক;
কত কী সামলাই আমি।
পথের ধুলো শক্ত পায়ের
দম্ভ ভরা চরণে দিক–বেদিক।
সময়কে বলেছিলাম!!
একরাশি স্বপ্ন বুনেছি,
রেখে যাচ্ছি তা তোমার ছায়ায়,
তুমি ধরে রেখ যত্ন করে।
হারিয়ে যেতে দিয়ো না
গহিন কোনো অরণ্যে।
কত কাজ আমার এদিক–সেদিক
কত কী সামলাই আমি।
ধরে রেখ আমার সৌর্য, বীর্য
গ্লানির ছোঁয়া যেন না পায়।
সুখের পরশে আগলে আছি,
দুঃখ যেন পিছু না নেয়।
বয়স যেন ছাপিয়ে না যায়—
তোমার অবহেলায়।
সময়কে বলেছিলাম
থাকতে আমার জন্য।
একটু সময় বাড়িয়েই না–হয়
সকাল, দুপুর, রাত।
আটকে থাকো আমার জন্য,
কত কী সামলাই আমি।
চেতনায়, অচেতনায় কত কিছু করা বাকি,
বলছি তোমায় মনে রেখ
হয় না যেন বাড়াবাড়ি।
আমি যাচ্ছি অদূরে
ফিরতে হবে না দেরি।
সময়ের হাতে ছেড়ে দিয়ে সব
নিশ্চিতে অদূরে।
খুব খুশিতে আত্মহারা
দিন রাত নিশিতে।
বেলা চলে যায়, মেলা চলে যায়
আসলাম আমি ফিরে,
এসে দেখি সব আগের মতোই
শুধু আমি নেই আমাতে।
মিথ্যার জালে জড়িয়ে আমি
সত্যের নিইনি খোঁজ।
কর্মের বদল দিয়েছি আমি
কর্মের যত দোষ।
হেসে উড়িয়েছি বেলায়–অবেলায়
গড়ে ওঠার কালে!!!
কাঁদছি এখন ভাবছি এখন
সময় চলে গেলে।
থাকে না যে থেমে সে,
বোঝে না সে আপন,
তার কাছে সবাই সমান—
চলে নিজের মতন।
সব হারিয়ে এখন আমি
বুঝলাম তা পড়ে।
নিঃস্ব হয়ে এখন আমি
নেই আমি আমাতে,
সময়ের হাতে ছেড়ে দিয়ে সব
করেছি কত ভুল;
শিক্ষা পেয়েছি অসময়ে,
কাজে দেবে কি কোনো গুণ?