ডান পায়ের ব্যথায় আর দাঁড়িয়ে থাকতে পারছে না সকিনা খাতুন। শরীরের পুরো ভার বহন করার শক্তিটুকুও যেন নেই পায়ে। জন্মের পর থেকেই এক পায়ে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা তার অভ্যাস। গাট্টাগোট্টা শরীর নিয়ে তীব্র গরমে দাঁড়িয়ে রান্না করতে পিত্তি জ্বলে যাওয়ার উপক্রম হয়। তবু থামার উপায় নেই—প্রতিদিনই কয়েকটা বাসাবাড়িতে রান্না করতে হয় তাকে।
সকাল থেকে এ–বাড়ি, ও-বাড়ি ছুটে গিয়ে রান্না করতে করতে কখন যে বিকেল গড়িয়ে যায়, টেরই পায় না। বেশির ভাগ দিনই দুপুরের খাবারের কোনো ঠিক-ঠিকানা থাকে না। আজও ভাবছে, এ বাসার কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরবে। তাই ক্ষিপ্র হাতে সব কাজ সেরে নিচ্ছে। রসুইঘরে অসহনীয় গরম। গরমের সঙ্গে চুলার আগুন মিলে ছোট্ট রান্নাঘরটা যেন নরককুণ্ডে পরিণত হয়েছে।
পায়ের অসহ্য যন্ত্রণা দাঁতে দাঁত চেপে, ঠোঁট কামড়ে কিছুক্ষণ সামলে নেয় সে। কাঁধে ঝুলে পড়া লম্বা ওড়নাটা একঝটকায় মাথায় পেঁচিয়ে নেয়। এমন সময় কোমরে গুঁজে রাখা মুমূর্ষু ফোনটা হঠাৎ চেঁচিয়ে ওঠে। চোখেমুখে বিরক্তির ছাপ, পেটে খিদের জ্বালা—এই অবস্থায় ফোনে কথা বলতে ইচ্ছা করে না সকিনার। তবু নবজাতকের মতো একটানা বেসুরো রিংটোন বেজে চললে শেষমেশ ফোনটা তুলে কানে ধরে।
অপর প্রান্ত থেকে ভূমিকা ছাড়াই ভারী কণ্ঠে একজন বলে উঠল, ‘হ্যালো, আপনি কি সকিনা খাতুন বলছেন?’ সকিনা কণ্ঠে বিরক্তি ঢেলে দিয়ে বলল, ‘হ্যাঁ, আমি সকিনা বলছি; আপনি কে?'
‘আমি চকবাজার থানা থেকে বলছি; আপনি একটু অফিসে দেখা করে যাবেন...।’ একবাক্যে শেষ করে অপর প্রান্ত থেকে কেটে দিল।
সকিনার মুখে রা নেই, যেন আকাশ থেকে পড়ল। ত্বরিত হাতের কাজে ক্ষণিক অসাড়তা নেমে এসেছে। হঠাৎ থানা থেকে ফোন কেন করল! এ নিয়ে প্রমাদ গুনতে গুনতে ভাবল, কোনো কালেই থানা-কোর্টের বারান্দায় ওর চৌদ্দগোষ্ঠীর কারও পা পড়েছে কি না ঠিক মনে করতে পারছে না। হঠাৎ হৃদয়ে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে—কেমন যেন পা জড়িয়ে আসে তার। পক্ষাঘাতের মতো নড়াচড়াও ক্ষীণ হয়ে এসেছে মুহূর্তের মধ্যে।
আড়ষ্ট হাত আর চলছে না, বেলা গড়িয়ে যাচ্ছে ভাবনার দোলাচালে। এদিকে হনহনিয়ে রুম থেকে বের হয়ে মেস ম্যানেজার তাড়া দিতে থাকল। ‘খালা কী শুরু করলেন এসব? বেলা গড়িয়ে যাচ্ছে, খিদের যন্ত্রণায় পিত্তি জ্বলে যাচ্ছে ছেলেপুলেদের। আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? মাসের বেতন নেওয়ার সময় তো বিশ দিনে মাস গুনতে চান; টাকা কি গাছে ধরে?’
ঝড়ের গতিতে একঝাঁক অভিযোগ আর অনুযোগ হুলের মতো বিদ্ধ করে সকিনার বুক চিরে বেরিয়ে যায়।
অসংযত মুখে সে–ও বলে ওঠে, ‘হ, আমি তো বেয়াক্কেল। আমি আক্কেল জ্ঞানের মাথা খেয়েছি বহু আগে। প্রতিদিন যে ঠিক সময়ে রাঁধি তার কোনো প্রশংসা করেছেন কোনোদিন?’
মেস ম্যানেজার বাড়াবাড়ি রকমের চটে আছে তখনো। প্রায় সময় দেরি হয় সকিনার; তবে অন্য দিন হলে কড়া বাদানুবাদ লেগে যেত। কথায় কথায় কুরুক্ষেত্র বানিয়ে সারত সকিনা খাতুন। আজকে রাগের ঝাঁজ মরে গলার তেজ কমে গেছে।
মেস ম্যানেজার বাকি সদস্যদের সঙ্গে ঘ্যানর ঘ্যানর করে রুমে ঢুকে পড়ল। দড়াম করে দরজা ভেজিয়ে দিয়ে গালের ঝাল মারতে বসে গেল।
‘দেখেছিস খালার কাণ্ডটা? অ্যাই সাবিত, আগামী মাস থেকে আরেকটা বুয়া দেখিস তো।’
মেসের জুনিয়র সদস্য সাবিত। ওর সঙ্গে সকিনার সম্পর্ক মায়ের মতো। সে নীরবে হাঁটু গেড়ে বসে আছে নিরুত্তরে। প্রতিদিন রান্না শেষে বাটি করার সময় সাবিতের বাটিতে ঝুলঝাল একটু টান করে রেখে যায় সকিনা। তাই কৃতার্থবোধে সাবিত কিছু বলতে পারে না। তার মতো ছেলে সকিনার ঘরেও আছে, দিনের বেশির ভাগ সময় ছেলের মুখ দেখে না, তাই পুত্রস্নেহ ঢেলে দেয় এখানে। চামড়া মোটা ও বধিরের মতো কোনো কথা গায়ে না মেখে সেদিনের মতো সব কাজ শেষ করে যায় সকিনা খাতুন।
অসুস্থ শরীরে নয়-দশ জনের খাবার তৈরি চাট্টিখানি কথা নয়। নিরুপায় কাজ করতে হয়। দাঁড়িয়ে কাজ করতে করতে বাঁ পায়েও ঝিঁঝি ধরে। চুলার একপাশে বড় হান্ডিতে ভাত চড়িয়ে অপর পাশে সবজির কড়াই বসিয়েছে। ন্যাকড়া দিয়ে অপরিসর রান্নাঘরের তলাটা ধবধবে সাদা করে রেখে তরকারির খোসাগুলো পলিথিনে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বেরিয়ে এসে দড়াম করে দরজা ভেজিয়ে নিচে নামল।
সকিনা সেই সকালবেলা কলা দিয়ে চিড়ে ভিজিয়ে খেয়ে এসেছিল কাজে। এখন সন্ধ্যা শুরু হয়েছে—খিদেয় পা এগোতে চায় না। হুমড়ি খেয়ে হাঁটতে থাকে থানার পথ ধরে। এগলি-ওগলি পেরিয়ে বড় রাস্তায় উঠে এসে পৌঁছল থানায়। খুব ভয় হয় সকিনা খাতুনের। একা একটা মহিলা কোথায় যাবে? কাকেই-বা চিনে সে? ভুলেও এপথ মাড়ায়নি কোনোদিন; কোনোমতেই একটুও সাহস সঞ্চার করতে পারছে না।
একই রঙের পোশাকের সঙ্গে কাঁধে ঝুলানো লম্বা অস্ত্র দেখেই বুক ঢিপঢিপ করে ওঠে তার। মুঠোফোনটি বের করে ডায়ালের বোতাম চেপে ওপরের নম্বরটিতে ফোন করে কয়েকবার। প্রথমে ব্যস্ত শুনিয়ে তারপর লাইন পেয়ে সকিনা জিজ্ঞেস করে, ‘স্যার, আমি গেইটে দাঁড়িয়ে আছি।’ দারোগা সাহেব সঙ্গে সঙ্গে একজন জোয়ান সিপাহিকে পাঠালেন সকিনা খাতুনকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। খুঁটিয়ে হাঁটছে সে, তার ওপরে পা জোড়া কাঁপছে ত্রস্তে।
জীবনে কোনোদিন এভাবে পুলিশের মুখোমুখি বসে কথা বলেনি। অতি সাধারণ প্রশ্নতেও গলা জড়িয়ে আসে সকিনার। দারোগা জিজ্ঞেস করলেন, ‘বাসা কোথায় আপনার?’
সকিনা কাঁপিত গলায় উত্তর দেয়, ‘স্যার, গণি কলোনিতে থাকি ছোট্ট একটা রুম নিয়ে।’
‘আপনার সঙ্গে আর কে কে থাকেন?’
‘সঙ্গে থাকে আমার একমাত্র ছেলে।’
দারোগা সাহেব নড়েচড়ে জুৎ করে বসে আবার বললেন, ‘ও কী করে এবং কোথায় এখন?’
‘আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি স্যার। ও এখন ক্লাস টেনে পড়ে।’ গৌরবের প্রগাঢ়তায় উত্তর দেয় সকিনা।
চোখেমুখে থাকা অজস্র উচ্ছ্বাসের সঙ্গে দারোগা বলে ওঠে, ‘আর আপনি কী করেন?’
‘আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি।’
দারোগা সাহেব উৎসাহের সঙ্গে বললেন, ‘বাহ্ ভালোই তো! আচ্ছা, তানিম কি আপনার ছেলে?’
‘জি স্যার।’
‘ও কোথায় এখন? ’
‘ওকে সকালে স্কুলে পাঠিয়েছি।’
দারোগা সাহেব একজন সিপাহিকে ডাকলেন, ‘পিয়াস...অ্যাই পিয়াস, ওই ছেলেটাকে নিয়ে আসো তো।’
‘জি, আচ্ছা স্যার।’
হাতকড়া পরা শরীরে রক্তের শুকনা কালো দাগ নিয়ে তানিম হেঁটে আসছে পুলিশের সঙ্গে। ওর শার্ট এদিকে ছিঁড়ে ওদিকে ঝুলে আছে। চড় থাপ্পড়ের চোটেমুখের দুই কষ বেয়ে লালার সঙ্গে মিশে তাজা রক্ত গড়িয়ে পড়ছে।
সকাল সকাল লোকের আনাগোনা বাড়ার আগেই দলবেঁধে গলির মুখে দাঁড়িয়েছিল ওরা কয়েকজন। এক ভদ্রলোক অফিসে যাওয়ার সময় ওদের দলের একজন হাত থেকে ছোঁ মেরে মুঠোফোন নিয়ে বিজলি দৌড়ে পালিয়ে যায়। তানিম হোঁচট খেয়ে পড়ে গিয়ে আর পালাতে পারেনি। ভদ্রলোকের গগনবিদারী এক চিৎকারে বিদ্যুৎ গতিতে জমায়েত হয় অর্ধশত মানুষ। তানিমকে পেয়ে চ্যাঙ ধোলাই দিয়েছে সবাই।
বাকিদের ক্ষোভও তানিমের পিঠের ওপর দিয়ে গেছে। আবার কেউ কেউ কয়েক বছর আগের চুরির ক্ষোভও ঝেড়েছে। যে মানুষটি এক থাপ্পড়ে কোনোদিন মশা মারেনি সে-ও তার মসৃণ গালে চড় বসায় সশব্দে। বাঘের মুখে দলছুট হরিণ ছানার মতো তীক্ষ্ণ গলায় ডাক দেয় তানিম। জনারণ্যের মাঝে সে ডাক অস্ফুটের মতো মিশে যায় হাওয়ায়। ওর ভাগ্য ভালো তাই দায়িত্বরত পাহারাদারের চোখে পড়েছে, নয়তো সাপের মতো ভিজিয়ে ভিজিয়ে মারত মহল্লাবাসী।
এতক্ষণ দারোগা সাহেব বর্ণনা করেছেন নয়কে ছয়, তিলকে তাল বানিয়ে। এদিকে খিদেয় কাতর সকিনার চোখ দিয়ে ঝরনার গতিতে জল গড়িয়ে পড়ছে। সে প্রায় সশব্দে কান্না করতে শুরু করেছে যেন ঢলে পড়বে এই মুহূর্তে চেয়ার থেকে। তানিম অপরাধবোধে অবনত মাথায় কুঁজো হয়ে আছে।
দারোগা সাহেব বললেন, ‘অনেক অভিযোগ এসেছে ওর বিরুদ্ধে। গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে ছিনতাই পর্যন্ত হরেক রকমের অভিযোগ জমা হয়েছে সকাল থেকে।’
সকিনার দিকে প্রশ্ন ছুড়ে মারলেন দারোগা সাহেব, ‘এখন উপায় কী? অভিযোগকারী তো মুঠোফোনের দায়ভার চায়।’
সকিনা বলার চেষ্টা করে, ‘কিন্তু মুঠোফোন তো আমার ছেলে...’
দারোগা সাহেব ধমকের সুরে থামিয়ে দেয়। ‘আপনার ছেলে নেয়নি তো কী হয়েছে? দলের কেউ না কেউ তো নিয়েছে। চুরিকৃত প্রত্যেকটা জিনিসে কি ও ভাগ বসাত না?’
রাগে তেতে ওঠা চোখে নির্দয়ের সঙ্গে বলে চললেন সব। ‘আমি আপনার সঙ্গে আর কথা বাড়াতে চাচ্ছি না। পঁচিশ হাজার টাকা দায়ভার দিলে আপনার ছেলে ছাড়া পাবে।’
সকিনা খাতুন কেঁপে ওঠে। এত টাকা কোথায় পাবে সে! তিন মাস বাড়ি বাড়ি কাজ করলেও এত টাকা জোগাড় করা দায়। সে বুঝে গেল এখানে আবেগ অনুরাগের কানাকড়িও মূল্য নেই।
বিমূঢ়ের মতো থানার গেটের বাইরে এসে পড়ে। রাতের অন্ধকার নেমে এসেছে শহরজুড়ে। ছটফট করে জ্বলে উঠতে শুরু করেছে ল্যাম্পপোস্টগুলো। শহরের আলো জ্বলে উঠলেও সকিনার ভেতরের আলো নিভে গেছে অনেক আগেই।
ঢিলেঢালাভাবে নিজেকে ছেড়ে দিয়ে হাঁটতে থাকে ফুটপাত দিয়ে। কখনো পা পিছলে মাথা টুকে যাচ্ছে বিদ্যুতের খুঁটিতে, কখনো কাপড়ের আঁচল লেগে যাচ্ছে হকারদের টুকরিতে।
টইটম্বুর চোখের জলে সামনের পথঘাট যেন ধোঁয়াশা হয়ে আছে সব। সকিনা খাতুন চোখ মুছে মুছে হাঁটছে অন্ধকার ঠেলে সরু গলি দিয়ে।
তার মনে পড়ে এই শহরে বানভাসির মতো এসে উঠেছিল ছোট্ট শিশু তানিমকে নিয়ে। প্রায় এক যুগ আগে শ্বশুরবাড়ি ছেড়েছে মাতাল স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচার জন্যে। অক্লান্ত পরিশ্রম আর অমানুষিক খাটুনিতে ছেলেকে মানুষ করবে বলে বুকে আশা পুষেছিল একদিন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও বাড়ি বাড়ি কাজ করেছে। সারা দিনের ক্লান্ত-শ্রান্ত দেহে যখন বাসায় ফেরে, ছেলের মখমলের মতো নরম চেহারা দেখে দুঃখ মুছে যায়। গলে যায় সব ব্যথা বেদনা।
ছেলে দশম শ্রেণিতে পড়ছে দেখে বুকে খণ্ড খণ্ড আশা জমা হয়। আর কটা ক্লাস শেষ হলেই দুঃখ ঘুচে যাবে জনমের তরে। তাই ছেলেকে কাজে দেওয়ার চিন্তা মাথায় ঠেকতে দেয়নি কোনোদিন। কিন্তু সখিনার স্বপ্নের আড়ালে বখে যাওয়া ছেলের অনাগত ভবিষ্যৎ ক্রমে ঝাপসা হয়ে আসে।
চতুষ্পার্শ্বে ছেলের বিরুদ্ধে অভিযোগ আর অভিযোগ। সকিনা খাতুনের চোখে আর পানি নেই। সে-ই সন্ধ্যা থেকে ঝরনার বেগে নামতে নামতে জলকূপ শূন্য হয়ে গেছে। কিন্তু এত বিজন নিশীথে ঘন কালো পথ ধরে সে কোথায় যাচ্ছে? কোথায়-ই বা যাবার আছে আর? কার কাছে? এই নিখিলে যে ছিল সে লৌহ কপাটের অপরিসর নীরন্ধ্র রুমে বন্দী। বাকি আছে অন্ধকার। নিকষ কালো অন্ধকার।