বাবার প্রতিশ্রুত লজেন্স ও সময়ের ধুলো

শৈশব যেন সময়ের ধুলো। প্রতীকীছবি: রাফি হাসান

বাবা বলেছিলেন, ফিরবই, ঠিক সন্ধ্যার আগেই, ডালপালার আড়ালে লুকোনো রোদটাকে পকেটে ভরে।
আমার হাত দুটো শৈশবের নদীতে ভাসত, সূর্য ডোবার আগে জল যেথায় সোনালি আঁশে বোনা একটুকরো মিথ্যে।
নারকেলপাতায় কাটাকাটি হয়ে যেত আকাশ, আর আমি ভাবতাম—  
কখন এই আঙুলগুলো বাবার মতন কালো হবে?
কখন টিফিনের টিনের তলায় জমবে অফিসের ধুলো, লজেন্সের মোড়কে লুকাবে দিনের শেষ রক্তকণিকা?
কিশোর বয়সে ঠোঁটে শিসের সুর জমিয়ে হেঁটেছি দোকানের পথ।  
কিনেছি লজেন্স, কিনেছি নিজের ছায়াকে বেগুনি রোদে মাপার সাহস!  
ফেরার পথে আকাশে ঘুড়ির লাল সুতোয় বাঁধা পড়ে থাকতাম—  
ওরা উড়ত ঊর্ধ্বে, আর আমার হাতের মুঠোয় শুধু নাটাইয়ের কাঠি  
যার গায়ে লেগে থাকত বড়দের হাসির চিহ্ন, ছোট্ট পাখি, ডানা ভাঙার আগে উড়তে চাস?
স্কুলের দাদারা কান মলে দিত লাল চিহ্ন, আর আমি স্বপ্ন দেখতাম—  
একদিন ওদের গলায় ঝুলিয়ে দেব আমার হাড়ের তৈরি জয়মালা!

যৌবনের প্রথম রক্তে ভিজেছিল টিভির পর্দা—  
রাজ্জাক-কবরীর প্রেম সাদাকালো ফ্রেমে লাল হয়ে ফুটত,  
আর আমি ভেবেছিলাম—জীবন তো এই রঙিন ফিতেই বাঁধা!
কিন্তু ইন্টারভিউয়ের লাইনে দাঁড়িয়ে বুঝেছি—  
ক্ষয়ে যাওয়া জুতোর নিচে পিষে যায় রঙিন স্বপ্নের পাতা।  
চাকরির ফাইলের গাদায় সিনেমাপাড়ার গল্প জমে থাকে অলিগলিতে,  
আর প্রেম? সে তো চিরকালের মতো আটকে আছে  
বাবার দেওয়া লজেন্সের কাগজে মোড়ানো সেই বিকেলের ঘ্রাণে।
এখন এই সন্ধ্যায় বসে আছি—  
মলিন শার্টের পকেটে জমে থাকা টাকার গুঁড়োয় গন্ধ পাই বাবার হাতের।  
ক্ষয়ে যাওয়া স্পঞ্জের স্যান্ডেলের ফাঁকে আটকে আছে শৈশবের নদী—  
যেখানে সূর্য ডোবার আগে জল হয়ে যেত স্বর্ণ,  
আর বাবার পকেটে খসখস শব্দ হতো লজেন্সের মোড়কের সঙ্গে।  
ডালিম গাছের শিকড় ছুঁয়ে দেখি—সেখানে জমে আছে অদৃশ্য রোদ,  
আর আমার হাড়ের ভেতরে শুনি সময়ের হাড়ভাঙা খসখসানি।

বড় হয়েছি—
ফুটবল মাঠের গেরুয়া জার্সিটা এখন শুধু ছেঁড়া ক্যানভাস,  
যার ওপর আঁকা ছিল উড়ন্ত ঘুড়ির ছবি।  
আকাশ এখনো লাল-নীল; কিন্তু আমার সুতোয় বাঁধা নেই—  
শুধু হাতের তালুতে জমে আছে অতীতের ধুলো,  
আর বাবার প্রতিশ্রুত লজেন্সের স্বাদ  
যেন চিনি মেশানো বিষ—প্রতিদিনের চায়ে গুলে খাই...  
এই বড় হওয়া তো একধরনের মিথ্যা পালানোর গল্প—  
যেখানে শৈশবের নদী শুকিয়ে গেছে,  
আর বাবার ছায়া শুধু ডালপালাহীন এক বিকেলের নস্টালজিয়া।  
লজেন্সের মোড়ক খুলতে গিয়ে দেখি—  
ভেতরে আছে শুধু খালি আকাশ,  
আর আমার প্রতিফলিত মুখ...  
যে এখনো জানে না—  
কখনো কি বড় হওয়া যায়?
নাকি শুধু ছোট থাকার স্বপ্নগুলোই ছোট হতে থাকে?