নীল ডায়েরি
খুব যত্ন করে,
তুমি একটা উপহার দিয়েছিলে আমায়।
ভালোবাসার রং মিশ্রিত সেই নীল ডায়েরি
বিষাদের ভারে ন্যুব্জ হতে হতে ভরে গেছে আজ ডায়েরির পাতা;
জীবনের বেরঙিন স্বপ্নগুলো লেপটে গেছে তার মাঝে!
সময়ের গায়ে আঙুল বুলিয়ে আমিও রোজ দুঃখ পুষি।
গলাকাটা হরিণীর মতো ছটফট করতে করতে চলে গেছে বেওয়ারিশ সুখ!
তুমি ভাবলে আমিও তো সুখে থাকি রোজ।
শুধু জানলে না এক জনমে বিরহ গুছিয়ে হাসছি অহেতুক।
নিরানন্দের হাটে বসে ভালো থাকা কেবলই হয় দায়;
পৃথিবী জানে কি, তার বুকে ভালো আছে কোন লোক?
এপার-ওপার হন্যে হয়ে খুঁজে দেখ, পাওয়া যাবে কি কোথাও আর;
ব্যর্থতার বেসুরে চিৎকারে ছিঁড়ে গেছে যে পুরোনো বেহালার তার।
আমাদের গল্পটা রয়ে যায় এভাবেই অগোছালো
আর তাল-মাতাল।
কেউ জানে না, কেউ দেখে না; বুঝে না কোন প্রিয়জন
কতটা নিঃশব্দে কাঁদছে বসুধা ঠিক কতটা কাল!
বিদায় বেলা ঘনিয়ে আসে দুচোখ হয়েছে ভীষণ আঁধার
ডায়েরিটা বোবা কান্নায় রয়ে যাবে এমনি হয়তো চিরকাল।
জীবনের গল্পটাও ফুরিয়ে যাবে ঠিক সময়ের রসাতল।