গন্ধম গহিনে

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

ভাঙা চেয়ারের দিন শেষ করে
যতগুলো বসন্ত গেল
ততগুলো দিন যেন গন্ধমগাছ দেখা হয় না!
কী পুরু লোহায় ঘেরা চেয়ারের হৃদয়
এ প্রান্তের আগুনের হাত তা গলাতে পারেনি!
ও প্রান্তের যপনায় মসজিদের মিনারের বদলে মন্দিরের ত্রিশূল!
কী আর করার! স্বেচ্ছায় বারবার মলের গন্ধের বদলে হরিজনের জীবন দেখতে গেলাম...
উদ্বাস্তু হরিজন দিন শেষে সাইনবোর্ড টাঙানো
সরকার কর্তৃক বৈধ সাদা জল গিলতে পারলেও
আমি আর গিলতে পারিনি ফেলে আসা বসন্তের দিন!
খোলা চিঠির গতরজুড়ে কেবল বৈরাগ্য পুষেছি..
বৈরাগ্যরা ফের জংলি কবুতর হয়ে
উড়াল দিয়েছে!
আমি বাধা দিইনি
তবু যেন আর কোনো দিন কখনো
সমুদ্রের ক্ষতে জোয়ারেরা যেভাবে জেগে ওঠে
সেভাবে প্রকাশ্যে না জাগে বসন্ত,
ভাঙা চেয়ার ও প্রতিজ্ঞায়—গন্ধমের গহীন!