তোমাকে পাবার দিন গুনি
তুমি মায়াবী প্রকৃতি, সবুজ অরণ্য
সোনালু ফুল অথবা লাল কৃষ্ণচূড়া
আমি ঘাসহীন ভূমি, বালুময় মরু
চালাবিহীন যুবক, ধরেছে রোগঘোড়া।
তুমি সুখের বাদল, স্বচ্ছ ঝরনাধারা
ধীরে ধীরে ঝিরিঝিরি বও অবিরল
আমি তপ্ত খাঁ খাঁ রোদ, তিয়াসি চাতক
আঁজলাভরে খেতে চাই সুশীতল জল।
তুমি রাখালের বাঁশি, বিশাল প্রান্তর
ধানের খেতে বাতাস, ফসলের দোলা
আমি বিমোহিত সুরে ডুবি আর ভাসি
এদিক–ওদিক ছুটি হয়ে আত্মভোলা।
তুমি চলতি বর্তমান, দূর ভবিষ্যৎ
চিরসতেজ নবীনা, শত সঞ্জীবনী
আমি পুরোনো অতীত, জীর্ণ ইতিহাস
তোমাকে পাবার দিন তাই সদা গুনি।