ফিরে পাওয়ার আহ্বান
সেই শ্রাবণ ফিরিয়ে দাও—
যে শ্রাবণে কদমের বাসর সেজেছিল,
আমার চোখে এঁকেছিলে তোমার স্বপ্ন।
বলাকা–মন ছুটে চলে হিজল–তমালের বনে
ডুবসাঁতারে প্রণয়–খেলা পানকৌড়ির
সেই শ্রাবণ ফিরিয়ে দাও।
কেয়ার বনে ডাহুকির বিরহ ক্রন্দন
বানডাকা উন্মত্ত নদীর খিলখিল হাসি,
বৃষ্টির নূপুরে অভিসারিকার একান্ত পথচলা।
স্বর্ণচাঁপার ঘুম ঘুম চোখে বৃষ্টির জল
সেই শ্রাবণ ফিরিয়ে দাও।
ভেসে আসা কেতকীর সুবাস—
দক্ষিণের জানালায় বাতাসের লুকোচুরি
বৃষ্টিতে ভিজে যাওয়া
মেঘের আঙিনায় বিদ্যুতের ঝলকানি
সেই শ্রাবণ ফিরিয়ে দাও।
আজ অভিযোগের খাতায় শুধু শ্রাবণ বৃষ্টি
অস্পষ্ট লেখাগুলোর ভীষণ অভিমান,
বৃষ্টির শব্দে ভালোবাসার হাসি
ইচ্ছেগুলোর উদোম গায়ে বৃষ্টিবিলাস—
জল থইথই বর্ষা বিকেলের মিষ্টি আলাপন
আমার সেই শ্রাবণ ফিরিয়ে দাও।