মুখোশের আড়ালে

মানুষ ভুইলা যায়—
প্রতিশ্রুতি দিয়া বারবার ভাঙে,
মানুষ রং বদলায়
যত্ন কইরা দুঃখ দিতে কেবল মানুষই জানে।
জোরে ধাক্কা দেওয়ার আগে মানুষ
টাইনা আনে বুকের কাছটায়,
তারপর আচমকা যে ধাক্কায় পরাস্ত করে,
সেইখানে প্রতিরোধের আর কোনো পথ থাকে না,
আর না থাকে প্রতিরক্ষার আগাম কোনো প্রস্তুতি
সযতনে বিষের পেয়ালা হাতে তুইলা দেয় বিশ্বস্ত মানুষ।
মানুষ এমনই—
পরম আহ্লাদে কাছে টানা মানুষটাই দিনশেষে
পিঠে গাঁইথা দেয় চকচকে ছুরির ক্ষুরধার ফলা,
গাছের মগডালে উঠায়া কাইড়া নেয় মই
মানুষ নিজের দুঃখের বিষ অন‍্যরে বিলায়া আনন্দ পায়
মানুষের মাঝে মানুষের রূপে ঘুইরা বেড়ায়
অবিকল মানুষের মতো, অচেনা মুখোশ।