প্রেমাংশু

ছবি: এআই/বন্ধুসভা

জানি না কেন
তুমি নামক কিছু একটা জোঁকের মতো হৃৎপিণ্ড আগলে বসে আছে।
তাকে সরিয়ে রাখতে পারছি না,
খুব যত্নে আগলে রাখতেও দিচ্ছ কই!
তোমায় ছুঁতে চাওয়ার লোভ দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে
তবু তোমায় ছোঁয়া যাচ্ছে না।
আজকাল জলের পরিবর্তে চোখ রক্ত প্রসব করছে
তুমি ভয় পেয়ে যাবে বলে কান্নাটা লুকিয়ে রাখতে হচ্ছে বুকের ভেতর।
জমে থাকা কান্নারা সেখানে তৈরি করছে সাগর
মুগ্ধ চোখে দেখছি দুঃখদের জলকেলি।
কী স্নিগ্ধ, সাবলীল কোঁকড়া চুলের দিনগুলো হারিয়ে গেল পলক ছুঁয়ে
তোমার চোখ পড়ার শখ আমার,
তার জন্য তো পাশে বসা চাই!
আওয়াজ করব, সে সাহসই তো নেই।
সময়গুলো কেমন যেন!
চোখের পরই থাকে তবু কাছে আসে না।
মনেই হচ্ছে
তুমি আর সময় বুঝি এক সুতোয় গাঁথা!
তবু তোমার চোখ পড়ার ইচ্ছে আমার রয়েই যাবে।