বাঁচার মিছিল

অলংকরণ: তুলি

মানুষ হওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে
জেগে উঠে দেখি পৃথিবী ঝিমায়
দীর্ঘদিন অসুস্থ সে–ও দিন গুনছে
চেয়ে আছে জীর্ণশীর্ণ রুগ্ণ চোখে।
কিছু ছায়া মূর্তি বাতাসে দুলছে
কিছু লটকে আছে দেয়াল ঘড়িতে
বাকিরা ব্যস্ত জীবনের খোঁজে
অর্ধমৃতদের কণ্ঠ নেই, গল্প নেই
শুধু প্রসারিত হাতে আকুতির ফরদি
বাঁচতে চাওয়ায় ব্যস্ত ছোটাছুটি
বৃক্ষরা ঠায় দাঁড়িয়ে প্রমাদ গুনছে
মানচিত্র খুঁজছে নিজস্ব আশ্রয়।
আমি মানুষ হওয়ার স্তবক ভুলে
মিশে গেলাম চিরায়ত সেই মিছিলে
যে মিছিল এখন শুধু বাঁচতে চায়
যে মিছিলের শেষ পর্যন্ত একই নিয়তি
ধুঁকে ধুঁকে মরো, মরার আগেই মরো।