আমাদের রূপকথা
রুপালি সম্ভাব্যতা নিয়ে আমাদের রূপকথা।
আমাদের রূপকথায়:
রাজা আর রানি দুঃখের দিন শেষ করে
পুত্র ও কন্যাসহ সুখের বাকি জীবন
উড়ন্ত ঘোড়া বা এলিসের সাথে মেলে না।
আমাদের রাজকন্যারা অপেক্ষা করে,
রাজপুত্রের, অতপরঃ
বরপ্রাপ্ত ভিনদেশি কাঠুরে—
রাজকন্যাসহ অর্ধেক রাজত্ব,
আর লাভ করে সোনার কুঠার।
রূপকথার রুপালি দিনে রাজকন্যা
বিরহের গান গায়, আর
আমাদের অগ্রগামীদের মন বিষণ্ন করে,
আমরাও কাঁদতে বসি—এই ভেবে
‘রাজ্য ছেড়ে নৃপতি যদি যোগী নাই হবে
তবে পদ্মাবতী আগুনে কেন পুড়ে মরবে’,
এমনি বহুতর ভাবাবেগে ভর করে
মেঘের রাজ্যে পাখা মেলে মেঘবালিকারা।
কৈশোর বৃষ্টিতে কদম ফুলের গন্ধ ছড়ায়,
যুবক তার ছেঁড়া পরিধেয় বস্ত্রে ধীরে ধীরে
মুঠোফোনে রূপকথার মানে খোঁজে।
সেখানে না আছে সোনালি কুঠার,
না আছে এলিস। যা আছে তা,
অতি মানবীয় চিন্তার দোষে দুষ্ট নক্ষত্র
আর অনেকগুলো, ভিন্ন রং এর,
ভিন্ন মুখোশের মানব। রূপকথার আকাশ,
বাতাস, অরণ্যে, দুর্দান্ত চলাচলে
আমাদের কান্না হারিয়ে যায়।
আমরা স্বপ্ন দেখি আমাদের জন্য
অসম্ভব পৃথিবীর অপার্থিব আলোর।
একুশ শতকের নতুন রূপকথার গল্প দেখি,
আর মুখে বলি, তুমি তবে মানুষ বোঝ নাই।