সারভাইভাল

তিথি দেখে যা বুঝলাম, শিগগিরই তোমার মৃত্যু ঘটতে যাচ্ছে।
শুধু ভালো মানুষীর অপরাধে তোমাকে স্বর্গে পাঠানোর সব বন্দোবস্ত পৃথিবীবাসী করে রেখেছে।
সেখানের একঘেয়ে একপেশে সুবিধাভোগী প্রাসাদে কার বিরুদ্ধে বিপ্লব আনবে?
দুটাকার লজেন্স পাঁচ টাকা, পাঁচ টাকার রুটি দশ টাকা হয়েছে বলে মানুষ তিনবেলা পানিতে ইনফ্লেশন মিশিয়ে খায়; এই অভিযোগ জানানোর সুযোগ পৃথিবীবাসী তোমাকে দিতে চায় না।
বাঁচতে চাইলে বলো, ‘পৃথিবী সুন্দর।’
কিন্তু আমি জানি, তুমি তা বলবে না। ডারউইনের সারভাইভাল অব দ্য ফিটেস্ট—এর প্রতিটা নিষ্ঠুরতা তুমি পয়েন্ট আকারে বলবে।
পইপই করে হিসাব চাইবে, কেন এ পৃথিবী দুর্বলদের জন্য নয়।

অধিকার চাইতে এলেই কেন, লাঠি চলে, গুলি চলে।
মুখ খুললেই কেন ওরা ভাতে মারে, পাতে মারে।
আসলে পৃথিবীবাসী তোমাকে চায় না।
স্বর্গে বসে মার্ক টোয়েনের সঙ্গে বাক্‌স্বাধীনতা উপভোগ করার জন্য সবকিছুই ওপরমহল করে রেখেছে।
সংবিধানের কোনো আইন তোমাকে আর বাঁচাতে পারবে না, কুকুর-বিড়ালের সহায়ক প্রতিটি অনুচ্ছেদই প্রিজমে আটকে পড়ে আছে।
তোমার পালাবার প্রতিটি পথেই ওরা ল্যান্ড মাইনের মহাসমাবেশ করে রেখেছে।
এখনো সময় আছে মেনে নাও, স্বর্ণ ও রৌপ্যখচিত দালানের চেয়ে ফুটো দিয়ে জোছনায় ছেয়ে যাওয়া কুঁড়েঘর বেশি মায়াবি
কাক ও কুকুরের কাছে পচে যাওয়া ডাস্টবিন সুন্দর।
স্বর্গের চল্লিশটা হুরের থেকে তোমার প্রেমিকা সুন্দর।
বাঁচতে চাইলে বলো পৃথিবী সুন্দর।