নীল খাম
কী আছে এই নীল খামে
তোমার কোনো আগমনী বার্তা
নাকি প্রেম বিচ্ছেদের গল্প,
নিশুতি রাতে জ্যোৎস্নার আলো মেখে মেখে
পাশাপাশি দুজনেই চুপচাপ
তারার মেলা অবলোকন করা
সীমাহীন সৌন্দর্য উপভোগ করার দৃশ্যাবলির মধুরাতি ছন্দের বার্তা পাঠিয়েছে এই নীল খামে।
রৌদ্রময় সোনালি দিনগুলোতে
পার্কের মোড়ে সেই বকুলের ছায়ায়
কচি কিশোরীর হাতে ফুলের মালা কিনে
খোঁপায় গুঁজে নিয়ে নিরন্তর পথ চলা
মুহু মুহু গন্ধের ভাঁজে লুকিয়ে লুকিয়ে আড়চোখে মাঝে মাঝে তাকাতে তুমি
বাদামওয়ালার হালকা রসিকতায়
ফ্যাকাসে হয়ে যেতে তুমি,
লজ্জায় মুখ লুকিয়ে চোখে ছেড়েছিলে জল
সেই বার্তাই কি এই নীল খামে?
মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাতে
আমি বুঝিনি কেন বারবার তাকাতে
তোমার বাবার কর্মস্থল থেকে চলে যাওয়াই
সেই দিনই ছিল তোমার আমার শেষ দেখা,
আজ নীল খাম দেখে মনের ভেতর
অজানা আশঙ্কা, কী আছে এই নীল খামে
আমার ভালোবাসা আজও বেঁচে আছে?
না কারও মসনদে আসীন করে রাঙিয়েছ মন,
হাত দুটো দুরুদুরু কম্পনে ভারী হয়ে আসছে,
অবশ হয়ে আসছে নীল খামে যে তোমারই
হাতের লেখা।
গুচ্ছ গুচ্ছ শব্দের সমাহারে কী লিখেছ
মনে হাজারটা প্রশ্ন,
সময়তো অনেক পেরিয়ে গেছে আমাকে ছেড়ে যাওয়ার প্রায় উনিশ বছর?
কী আছে এই নীল খামে?