স্মৃতির মুক্তো

অলংকরণ: এস এম রাকিবুর রহমান

অলস দুপুরের ঝলমলে রোদ্দুরে
দোয়েলের শিস আর ঘুঘুর ডাকে
সহসাই ফেলে আসা দিনগুলো
ছায়া ফেলে নিষ্প্রভ দুটো চোখে।
কল্পনার সমুদ্রে ডুবি আর ভাসি
অতীতের জানালায় কান পাতি
স্মৃতির ঝিনুক সেচে মুক্তো কুড়িয়ে
অবচেতনই কবিতার মালা গাঁথি।
একদিন প্রেম ছিল অধিক প্রগাঢ়
মধুর কামনায় ছিল আবেগি সুবাস
আজ শুধু হাহাকার অপূর্ণতার ক্ষরণ
বুক থেকে বেরোয় ধোঁয়াটে দীর্ঘশ্বাস।