তোমার ডাকে ফেরার অপেক্ষায় আমি অপেক্ষমাণ

ছবি: এআই/বন্ধুসভা

নবরূপা রশু,

তোমার নাম উচ্চারণ করেই নতুন বছরে কলম ধরলাম। বছরের প্রথম রাত্রিতে আকাশ আজ অদ্ভুতভাবে নত। মেঘের ভারে নয়, স্মৃতির ভারে। এই নতুন বছর আমার কাছে কোনো নবতার বার্তা নিয়ে আসেনি, নিয়ে এসেছে তোমাকে না পাওয়ার পুরোনো বেদনারই নব রূপ।

নতুন বছর মানুষকে ভুলতে শেখায়; কিন্তু আমায় শিখিয়েছে আরও গভীরভাবে স্মরণ করতে, আরও গভীরভাবে ভালোবাসতে।
যে হৃদয়ে না পাওয়ার ক্ষত একদিন রক্তাক্ত ছিল, আজ তা রক্তহীন অথচ অমর। এই ক্ষতই আমার তীর্থ, এই বেদনাই আমার সাধনা।

তুমি হয়তো ভাবছ, তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ জমিয়ে রেখেছি। না, রশু! কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকলে তা উচ্চারণ করা যেত; কিন্তু আমার যা আছে, তা উচ্চারণের অতীত।

এই চিঠিই হোক নতুন বছরে আমার প্রথম উচ্চারণ। যেখানেই থাকো, আমার নীরব আশীর্বাদ অদৃশ্য কবচ হয়ে তোমাকে ঘিরে রাখুক।

আমার অন্তর্যামী জানেন, তোমাকে না পাওয়ার আগুনে আমি কতটা দগ্ধ হয়েছি। সে আগুনের একটি শিখাও কখনো তোমার দিকে ছুড়ে দিইনি। তুমি না থাকলে আমি এই মানুষ হতাম না। এই দহন না থাকলে আমার বুকে তোমার জন্য জমানো ভালোবাসা প্রকাশ পেত না। আমি লেখক নই, তবে এতটুকুও হতে পারতাম না। তুমি না পাওয়া হয়েও আমার জীবনে নতুনত্ব দিয়েছ।

তোমাকে পাব না কিংবা না পাই, এক জীবন তোমাকে শুধুই ভালোবেসে যাব। ধুলার পৃথিবীতে প্রেমের রূপ ক্ষয়ে যায়। আমি চাই না আমার ভালোবাসার দেবীমূর্তি এই বাস্তব ধুলার স্পর্শ পেয়ে ম্লান হোক। আমি চাই, আমার ভালোবাসা অবিনশ্বর থাকুক।

রশু, এ জীবনে কাউকে আঘাত দিইনি। কারও খারাপ চাইনি, কখনোই না। কারও সর্বনাশে আনন্দ পাই না, কারও কান্না দিয়ে নিজের বিজয় লিখি না।
তোমার কাছে আমার আজ কোনো দাবি নেই, কোনো অনুযোগ কিংবা অভিযোগ নেই। শুধু আছে একখণ্ড নীরবতা, যা আজীবন আমার সঙ্গী হয়ে থাকবে।

দেখা যদি না-ই হয় এই ধূলির ধরায়, তাতে প্রেমের পরাজয় নেই। লাইলি মজনুকে পায়নি, ফরহাদ পায়নি শিরিনকে; তবু তাদের প্রেম হারেনি। প্রেম শরীরের নয়, প্রেম আত্মার; আর আত্মা অবিনশ্বর।

যদি কোনো দিন মনে হয়, তুমি সত্যিই আমায় ছুঁতে চাও, তবে আমাকে খুঁজো এই পৃথিবীর বাইরে, যেখানে প্রাপ্তি নেই, শুধু উপলব্ধি। অথবা পৃথিবীতে, আমাকে পাবে তুমি। আমি তোমার জন্য দীর্ঘ অপেক্ষার বটবৃক্ষ হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকব।

আজ এই নতুন বছরে আমি জীবনের ভাটার স্রোতে হেঁটে যাচ্ছি। সে পথ থেকে ফেরানোর সাধ্য কারও নেই। তবে তোমার ডাকে ফেরার অপেক্ষায় আমি অপেক্ষমাণ।

এই চিঠিই হোক নতুন বছরে আমার প্রথম উচ্চারণ। যেখানেই থাকো, আমার নীরব আশীর্বাদ অদৃশ্য কবচ হয়ে তোমাকে ঘিরে রাখুক।
তুমি শান্তি পাও। এই আমার শেষ প্রার্থনা।

ইতি
রামিম