বিধি চিরন্তনী

অলংকরণ: তুলি

কত রোদ! কত তেজ! কত তাপ!
কোথায় গেল?
এই তো বৃষ্টি!
ছাদফুটো বৃষ্টি, আকাশঢালা বৃষ্টি
দাবানল নেভানো বৃষ্টি।

কত বৃষ্টি! কত জল! কত ঢল!
কোথায় গেল?
এই তো শীত!
পৃথিবীঢাকা কুয়াশা, ঠান্ডা বরফের স্তূপ,
তাপমাত্রা মাইনাস ত্রিশ।

তবু আমরা ঝড়া পতার দীর্ঘশ্বাসকে বলি বসন্ত
পাখির আর্তনাদ শুনে বারংবার মূর্ছা খেয়ে মরি
প্রজাপতি ও ফুলের সঙ্গমমাঝে নাক ডোবাই
প্রিয়জনকে ভুলে, পারফিউম মাখতে ব্যস্ত।

কত রোদ! কত তেজ! কত তাপ!
কত বৃষ্টি! কত জল! কত ঢল!
পূর্ণিমার আলোর করি কত বর্ণিল বর্ণনা
তবু জীবন আঁধার হয়, নামলে অমবস্যা।