কথার হিসেব
তোমার সাথে কথা বলার হিসেব করলে কি চলবে অনিমেষ!
এই তো সেদিনই তোমার সাথে পরিচয় হলো
পরিচয় থেকে প্রেম
সারা দিন সারা রাত কত কথাই না হতো বলো তো!
ধীরে ধীরে আমরা এগোলাম বিয়েতে
তারপর কথা বলার পরিমাণ কিছুটা কমে এল
ঘরজুড়ে ছেলেপুলে এল,
শুধু সংসার জীবনের কথাটুকুন থেকে গেল
আসতে আসতে তারা বড় হলো
আমরা বৃদ্ধ হলাম
পাশাপাশি শুয়ে আগের মতো কথাটুকুন আর থাকল না,
শুধু থেকে গেল ভালোবাসা আর দায়িত্ববোধ।
এখন তুমি আর নেই অনিমেষ,
আমি বসে বসে তোমার সাথে একান্ত নীরবে কথা বলি
আর হিসেব করি এই জগৎ–সংসারে মানুষ বেঁচে থাকতে
প্রিয়জনের সাথে কতটুকুই–বা কথা বলে!