রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ‘সুভা’ গল্পকে অনবদ্য চলচ্চিত্রায়িত করেছিলেন কিংবদন্তি পরিচালক চাষী নজরুল ইসলাম। এ ধরনের সাহিত্যনির্ভর চলচ্চিত্রায়ণে তিনি ছিলেন একপ্রকার সিদ্ধপুরুষ। আমাদের বঙ্গ ভান্ডারে এমন সব সৃষ্টির রসদ আছে, বাঙালি পরিচালকদের অন্য কোথাও গিয়ে কাহিনি হাতড়ানোর প্রয়োজনই পড়ে না। মননশীল পরিচালকদের একটা দায় বা দায়িত্বও থেকে যায় সেই অমূল্য সুসাহিত্যকে চলচ্চিত্রে রূপ দেওয়ার। বাংলাদেশের প্রথম শ্রেণির পরিচালকদের মধ্যে অন্যতম চাষী নজরুল ইসলাম অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই গুরুদায়িত্ব পালন করে এসেছেন। তিনি বাংলা চলচ্চিত্রজগতের চাষী, চাষ করে সোনা ফলাতে পারেন।
‘সুভা’ চলচ্চিত্রে একজন বাক্প্রতিবন্ধী কন্যার অব্যক্ত বেদনার ভাষা স্বয়ং লেখকের চিন্তাচেতনার সঙ্গে মিলিয়ে পরিশীলিত, স্নিগ্ধ, সুন্দর শিল্পায়িত হয়েছে। প্রবাদপ্রতীম পরিচালকের এই নান্দনিক সৃষ্টি মুক্তি পায় ২০০৫ সালে। মূল কেন্দ্রীয় চরিত্র সুভার চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেত্রী পূর্ণিমা। তাঁর বিপরীতে প্রতাপ গোস্বামী চরিত্রে ছিলেন শাকিব খান।
চাষী নজরুলদের মতো পরিচালকদের চলচ্চিত্রে স্টার, সুপারস্টার লাগে না; লাগে একজন বড় মাপের শিল্পী। এই চলচ্চিত্রের পরের বছরই মুক্তি পায় আহমদ ছফার ‘ওঙ্কার’ উপন্যাস অবলম্বনে শহীদুল ইসলাম খোকনের ‘বাঙলা’। সেই চলচ্চিত্রটিতেও একজন বাক্প্রতিবন্ধী নারীর দেশের উত্তপ্ত পরিবেশ–পরিস্থিতি আন্দোলনের সঙ্গে সংগতি রেখে উত্তরণের গল্প উঠে আসে। সেই চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন অভিনেত্রী শাবনূর। এই দুটি সাহিত্যনির্ভর সংবেদনশীল বিষয়ের চলচ্চিত্রকে বাংলাদেশের চলচ্চিত্রধারার উত্তরণের মাইলফলক হিসেবে দেখা যেতে পারে।
কিংবদন্তি অভিনেতা বুলবুল আহমেদও সুভাকে চিত্রায়িত করেছিলেন, সেখানে সুভা চরিত্রে অভিনয় করেন তাঁর সুযোগ্য কন্যা ঐন্দ্রিলা আহমেদ। পূর্ণিমা ও ঐন্দ্রিলা—দুজনই দক্ষ পরিচালকের হাতে সুভা চরিত্রে বোবা মেয়ের কথাহীন অভিব্যক্তির অসাধারণ অভিনয়ে হুবহু সুভা হয়ে উঠতে পেরেছিলেন।
বাংলাদেশের মাটি থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি কল্পনা রচনার রসদ। বাংলাদেশের মাটির সন্তান কিংবদন্তি পরিচালকেরা, যাঁরা মনে–মননে রবীন্দ্রনাথকে ধারণ করেন, সুভা যাঁদের কাছে বহুল পঠিত, বহু চিন্তিত একটি চরিত্র, তাঁরা যে অসাধারণ অবিকল শিল্পনৈপুণ্যে তা চলচ্চিত্রায়িত করতে পারবেন, সেটাই তো স্বাভাবিক। এ ধরনের চলচ্চিত্রগুলো একধরনের ফুল ফোটানোর ব্যথা অনুভব করায়, মনে আনন্দ জাগায়। হৃদয় কানায় কানায় পরিপূর্ণ করে তোলে, সর্বোপরি মানুষের সামনে মানুষকে দাঁড় করিয়ে মানবজীবনের প্রকৃত ধর্মের, মানবাধিকার, সহমর্মিতার বার্তা দিয়ে যায়।
সাধারণত রবীন্দ্রনাথের নারী চরিত্র মানেই আমাদের চোখে থ্রি-কোয়ার্টার ব্লাউস বা ফুল হাতা ব্লাউস, সুন্দর শাড়ি, ফুল গোঁজা চুলের খোঁপা—এভাবেই ধরা দেয়। রবীন্দ্রনাথের নারী চরিত্র মানেই যেন অভিজাত জমিদার ঠাকুরবাড়ির অন্দরমহল। কিন্তু চাষী নজরুল নারীকে একেবারে খাঁটি বাংলাদেশের মাটির মানুষ, একজন সাধারণ মেয়ে করে গড়ে তুলেছেন। এই নারীরাও শাড়ি–ব্লাউস পরে, তবে থ্রি–কোয়ার্টার ব্লাউস নয়। পুরুষেরা ধুতি–পাঞ্জাবিতে যথাযথ। শাকিব খানকেও ধুতি–পাঞ্জাবিতে অসাধারণ লাগে। মনে হয়, তিনি শুধু প্রতাপ নয়, শ্রীকান্ত বা দেবদাসও হতে পারেন।
এই চলচ্চিত্রের শিল্পনির্দেশক উত্তম গুহের কাজও চোখে পড়ার মতো। উত্তম গুহ এমনিতেই গ্রামীণ প্রেক্ষাপট, ঘরবাড়ি-উঠান প্রভৃতি ফুটিয়ে তুলতে সিদ্ধহস্ত, গ্রামবাংলা তাঁর মনে–মননে ছবির মতো ফুটে ওঠে। এই চলচ্চিত্রে গৃহস্থবাড়ির দরজাও কারুকার্যখচিত রাবীন্দ্রিক, বাড়ির উঠান থেকে বিয়ের মণ্ডপ, গল্পকারের লেখা দুটি গরু চরিত্র, তাদের ঘাসের স্তূপ পর্যন্ত—সবদিকেই তার শিল্পীত প্রয়াস লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের এই গল্প শুধু একজন বোবা মেয়ের গল্প নয়, পশুপ্রেমেরও গল্প। অবোধ পশুর সঙ্গে একজন বোবা মেয়ের সম্পর্ক, মনের ভাষা বিনিময়, পরিচালক তা–ও ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন।
পরিচালক ও শিল্পনির্দেশক দুজনই গ্রাম, মাটি, মানুষকে বাংলাদেশের আকাশ-বাতাস, প্রকৃতি, নদী, মাঠঘাটের রঙে–রূপে–রসে জারিত করে তুলতে পেরেছেন। রাবীন্দ্রিকতার গণ্ডি পেরিয়ে যেন এক রাবীন্দ্রিকতার নবনির্মাণ। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির সঙ্গে শিলাইদহের ঠাকুরবাড়ির পুনর্মিলন।
চাষী নজরুলের চলচ্চিত্রে নজরুল নিজেও কোনো না কোনোভাবে এসে অভিনেতা হিসেবে ধরা দিয়ে যান। এই বিষয়ও বেশ অনুপ্রাণিত হওয়ার মতো। এই চলচ্চিত্রে তিনি যেমন গ্রামের কবিরাজ হয়ে এসেছেন। ছোট্ট একটা অংশে নিজের শিল্পীসত্তাকে মেলে ধরেছেন।
সংলাপহীন পূর্ণিমার অভিনয় চোখে পড়ার মতো। হাসি-কান্না সবকিছুতেই অধরা মাধুরীর ছোঁয়া। তাঁর রাগ-অভিমান, মায়ের কাছে বকুনি খাওয়ার অভিব্যক্তি, বাপসোহাগী কন্যার আদুরে মুখ, ভালোবাসার মানুষকে প্রতিনিয়ত কাছে পাওয়ার বোবা কান্না, কাছে পেয়ে আনন্দ–উচ্ছ্বাস, ভালোবাসার মানুষকে হারানোর বেদনা—সবই সুন্দর, চেয়ে থাকার মতো।
বোবা মেয়ের মুখে ভাষা নেই, মুখে যে চাঁদ বসানো আছে। শাকিব খানের সঙ্গে তাঁর রসায়ন ষোলোকলায় পূর্ণ। মেয়ের প্রতিবন্ধকতা গোপন রেখে শহরে নিয়ে গিয়ে অনত্র বিয়ে দেওয়া হয়। বর নিবারণ যখন জানতে পারল সে ঠকেছে, বোবা মেয়ের বুকের ভেতরে সেই যে ভাঙনের তোলপাড়, রবীন্দ্রনাথ যেভাবে পাঠকের বুকে ঝড় তুলতে চেয়েছিলেন, অভিনেত্রী সেভাবেই আমাদের হৃদয়ের গহনে দাগ কেটে যেতে পেরেছেন।
বাক্প্রতিবন্ধীদের চরিত্র খুব কাছ থেকে দেখে তিনি যে অনুশীলন করেছেন, বোঝা যায়। শুধু সাহিত্যপাঠেও সব সময় চরিত্র মেলে ধরা সম্ভব হয়ে ওঠে না। বাস্তবের চরিত্রের সংস্পর্শে আসতে হয়। চাষী নজরুলের মতো পরিচালকেরা এসব খুঁটিনাটিতে আরও বেশি করে জোর দেন। ওপরে ওপরে অভিনয় করিয়ে চরিত্রকে ছেড়ে দেন না।
এই চলচ্চিত্রে রবীন্দ্রসংগীতের ব্যবহার অতুলনীয়। সাহিত্যনির্ভর চলচ্চিত্রে কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদারও এভাবেই রবীন্দ্রসংগীতকে ব্যবহার করতেন। এ ছাড়া গান লিখেছেন গীতিকার কবির বকুল। তাঁর লেখা কথা মন ভালো করে দেয় এবং ছবির ভেতরে ছবি মেলে ধরতে সাহায্য করে। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গানে কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহাম্মদ, বাপ্পা মজুমদার, মিতা হক, ঝুমু খান। চলচ্চিত্রের সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার ছিলেন কিংবদন্তি অভিনেতা ভাষাসৈনিক মমতাজ উদ্দীন আহমেদ। চিত্রগ্রাহক ছিলেন মজিবুল হক ভূঁইয়া। সম্পাদনায় আতিকুর রহমান মল্লিক।
সব শিল্পী–কলাকুশলীদের সমবেত প্রচেষ্টায় সুন্দর একটি চলচ্চিত্র ‘সুভা’। রবীন্দ্রনাথের অমর সৃষ্টি, যা চিরকাল প্রতিবন্ধীদের প্রতি মানবিক হতে শেখায়।