বাড়ি ফেরা

সন্ধ্যা নেমে এলেও বাড়ি ফেরা হয় না। প্রতীকীফাইল ছবি

অনেক দিন হলো মাকে দেখি না। বাবা জিজ্ঞেস করে, একটা দিন বাসায় ঘুরে যাওয়ার মতো ছুটি নাই? ভাগনেরা ফোন করলেই বলে, মামা তুমি বাড়ি আসবে কবে? বেশ কয়েক দিন ধরে এমন প্রশ্নের সম্মুখীন হচ্ছি। অথচ তাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো একটা শব্দও খুঁজে পাই না। শুধু বলি, হ্যাঁ আসব।

একটা স্বপ্ন পূরণের জন্য প্রিয় মানুষদের ছেড়ে শত মাইল দূরে থেকে সংগ্রাম করছি। তাদের কাছে পেতে গেলে স্বপ্ন দূরে চলে যাবে। আর স্বপ্নকে পেতে গেলে তাদের থেকে শত মাইল দূরে আমাকে থাকতে হবে। অথচ আমি দুটোই চাই। তাদের খুশি করতে চাই। মাঝেমধ্যে খুব ইচ্ছা করে মাকে একটা দিন দেখে আসি। আব্বুর সঙ্গে এক টেবিলে বসে ভাত খেতে মন চায়। তখনই মনে পড়ে ফের বাড়ি ছেড়ে আসার সেই করুণ দৃশ্য—মায়ের চোখে পানি, আমাকে বিদায় দিতে বাবার করুণ সুর, বাড়ির ছোটদের অপলক দৃষ্টি। বোনের কান্না লুকানো চোখ। চাইলেও চোখের পানি আটকে রাখতে পারি না। যত দূর আমাকে দেখা যায়, মায়ের পলকহীন চেয়ে থাকার দৃশ্য। ঠিক তখনই বাড়ি ফেরার ইচ্ছা দূরে কোথাও হারিয়ে যায়।

ফেরা হয় না আর বাড়ির পথে। মাকে বলতে হয় ছুটি নেই। ছুটি হলে বাড়ি ফিরব। বাবাকে বলতে হয় তাড়াতাড়ি আসব। মিথ্যা আশ্বাস। কেটে যায় এমন করে মাস থেকে মাস, ফেরা হয় না বাড়ি। তাদের ছেড়ে আসার ওই করুণ দৃশ্য সহ্য করার শক্তি এখনো যে পাইনি।