মা

অলংকরণ: মাসুক হেলাল

মাকে ছেড়ে ছোট্ট আমি কত্ত দূরে থাকি,
মনের খাতায় যত্ন করে মায়ের ছবি আঁকি।
ঘুম ভেঙে যায় গভীর রাতে পড়লে মনে মাকে,
মায়ের জন্য মনটা কাঁদে মা মা করে ডাকে।
কখনোবা মাকে দেখি হঠাৎ স্বপ্নে এসে,
দুহাত আমার মাথায় বোলান মৃদু হেসে হেসে।
বলেন ওরে খোকন আমার মনটা দিয়ে পড়িস,
পড়ালেখা করে নিজের জীবনটাকে গড়িস।

আমার তখন মনটা কাঁদে বলি কেঁদে কেঁদে,
তুমি ছাড়া কেউই তো মা খাওয়ায় না আর সেধে।
বলে না তো, খোকন আমার ভালো মতো চলিস,
কঠিন বিপদ এলেও বাপ সত্য কথা বলিস।
বলে না তো নিজের প্রতি খেয়াল রাখিস খোকা,
আমার জন্য কাঁদিস না বাপ, ভালো থাকিস বোকা।
বলি, মাগো চাই যে শুধু থাকতে তোমার কাছে,
তোমার কাছেই ‘ভাল্লাগে না’র ওষুধ জানি আছে।