আমার মা

মায়ের সঙ্গে লেখকছবি: লেখকের সৌজন্যে

মা, তুমি না থাকলে বুঝতেই পারতাম না জীবন এতটা সুন্দর হতে পারে। পুরুষতান্ত্রিক সমাজে একটা মেয়ের জীবন যুদ্ধে বেড়ে উঠতে একজন মায়ের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। ছোটবেলা থেকেই আমি ব্যথা পেয়ে কেঁদে উঠার আগে, তোমার চোখ জলে ভরে উঠত। আজও ব্যথা পেলে সবার আগে তোমার নামটা মুখে আসে।

দিল্লি বিশ্ববিদ্যালয়ে হয়তো কখনো আমার পড়াই হতো না। যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলে একবার চেষ্টা করে দেখো। সেই চেষ্টা আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে। এখনো যখন ভীষণ মন খারাপ হয়, তুমিই আমার একমাত্র আশ্রায়স্থল।

মা এমন এক আশ্রয়স্থল, যেখানে বিনা স্বার্থে ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ, মমতা পাওয়া যায়। ভারী অদ্ভুত এক গুণের অধিকারী তুমি। তোমার সঙ্গে কথা বললে সব মন খারাপ এক নিমিষেই দূর হয়ে যায়। যখন কেউ তোমাকে বলে, মেয়েকে এত স্বাধীনতা দেওয়া ঠিক না; তুমি তাঁদের কথা একবারও না শুনে আমাকে আরও উৎসাহিত করো জীবনে এগিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আমাকে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। ভালোবাসি মা।

শিক্ষার্থী, দিল্লি বিশ্ববিদ্যালয়, ভারত