যাকে মন থেকে কামনা করি, যে আমার হৃদয়ের স্পন্দন। আমার স্বপ্নের রানি। যে মানুষটা আমার কল্পনায়, আমার ভাবনায় ও প্রতিটি শ্বাসে-নিশ্বাসে মিশে আছে; খুব করে যাকে কাছে পেতে চাইতাম, অবশেষে তার সঙ্গে আমার বিয়ে সম্পন্ন হলো। জীবনের তরে তাকে আপন করে পেয়ে গেলাম। ভাবতেই অবাক লাগছে। তাকে পেয়ে আমি আনন্দে আত্মহারা, খুশিতে মাতোয়ারা। আকাশে-বাতাসে সে কী আনন্দোচ্ছ্বাস! খুশিতে জড়িয়ে ধরলাম আম্মুকে। কৃতজ্ঞতা পেশ করলাম আব্বুকেও। সৃষ্টিকর্তাকে জানালাম অশেষ শুকরিয়া।
বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। আজ আমাদের ফুলশয্যার রাত। ঘরজুড়ে রকমারি ফুলের সমাহার। ফুলের মোহনীয় ঘ্রাণে রুমের অভ্যন্তরে বিরাজ করছে একটা স্বর্গীয় পরিবেশ। প্রিয়তমা বসে আছে আমার অপেক্ষায়। পর্দা সরিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছি। খুব কাছাকাছি গিয়ে বসছি। আমার উপস্থিতি টের পেয়ে লজ্জায় যেন লাল হয়ে যাচ্ছিল। কারও মুখে কোনো কথা নেই। দুজনই নিশ্চুপ। পরিবেশ শান্ত। কিন্তু হৃদয়ে মধুর অস্থিরতা বিরাজ। কখন স্পর্শ করব প্রিয়তমাকে। এভাবেই কেটে গেল খানিকটা সময়।
অবশেষে আমরা মুখোমুখি হলাম। ঘোমটা সরাতেই চার চোখের মিলন ঘটল। অপলক চেয়ে রইলাম। মুগ্ধ হলাম তার রূপসৌন্দর্যে।
এবার প্রিয়তমার কোমল দেহ স্পর্শ করে কপালে চুমু এঁকে দিতে যাব, এমন সময় আম্মু এসে আমার ঘুম ভেঙে দিল!