নির্জন আহ্বান

প্রতীকীছবি: মাসুদার রহমান

আমার হৃদয় দেখ কাচের মতো কত তীব্র স্বচ্ছ,
ধাতবের মতো চকচকে মসৃণ!
বেদনারা প্রতিফলিত হয়ে ফিরে যায়
তীব্র আলোর ন্যায় অবিরত; তাদের মতো
আছে যত আশাহত মাথানত যুবকের দল।
আমাকে দুঃখ দাও আরও
দেখো ভেদ করতে পারো কিনা!
কঠিন হৃদয়; তবু গলে যায়
হাসনাহেনার গন্ধ ভরা হাওয়ায়।
তুমি পারবে না; নাকি পারবে?
নিশীথের অন্ধকার হয়ে এলে; আলো নয়-
তবে হলেও হতে পারে ক্ষয়।
যে অন্ধকারে মানুষের হৃদয়ে ঘুম আসে মৃত্যুর মতো,
পৃথিবীর ওপারে পাড়ি দেয় আমাদের মন; ফিনিক্স পাখির মতো,
আসো দুঃখ ঢালো দেখি—
যদি হয় রক্তক্ষরণ; তবে বিক্ষত হৃদয় নিয়ে জেগে রবে মন।