নিভৃতে, প্রেম আসে

প্রতীকীছবি: ফ্রিপিক

বিষাদের মালা গাঁথি
তোমার গলাতে আলো হয়ে জ্বলে ওঠে
আমার মনোভূমি ধু ধু শূন্য মারীচিকা
তোমার পরশে কেমন বাগান হয়ে ফোটে
যে সুর প্রবেশ করিয়ে দাও শরীরে, অন্তরে
চিঠির খামে বসে থাকি, ডাকবাক্সের সংসার
প্রতিদিন বাক্য হয়ে উঠতে চায় শব্দ-অক্ষরে
আমি কি তোমার ছিলাম, তুমি কি ছিলে আমার
মনে মনে ভাবি, কাব্য বুনে যায়
জলের আলপনা যেমন আকাশে আয়না
তোমাকে ধারণ করি, ক্ষণে ক্ষণে তোমাতে হারাই
ধরে থেকো হাত, ছেড়ে যেয়ো না
বৃষ্টির গন্ধে, আত্মা ছেড়ে যায়
বদল করে নিই শরীরে শরীর
আদিম মানুষ যেমন বাকলে বদলায়
বিষ পুড়িয়ে আগামীর তরে জমে থাকে ক্ষীর
হাঁটু জল, পাঁক জল, মেরুদণ্ডে কমল
রাজহংস চরকি কেটে আঁকে জলছবি
রাতের পরিদের সাথে হয় জীবন বদল
রূপকথারা বেঁচে থাকে তাই বাঁচে কবি
পবিত্র বিষাদ পুষ্প থেকে কাঁটার আঘাত নিয়ে
শিরাতে বয়ে যাক জীবনের স্রোত
তোমার সাথে বাঁচব আমি জীবন বিনিময়ে
অহং ভাসিয়ে দাও, পদ্ম পুষ্পে তুলে নাও বোধ
ঝরা পাতা নাম লিখি বালির সমাধিতে
তোমার মুখের হাসি সুবাসিত বসন্ত-বাহারে
আমাকে দাওনি যা পারো যেন নিজেকে দিতে
নিভৃতে, প্রেম আসে ছাপিয়ে যায় হৃদয়জুড়ে