মেঘের খামে চিঠি

শুভ্র মেঘের রথে ধূসর খামে তোমার নামে একখানা চিঠি পাঠালামছবি: মুহম্মদ সজীব প্রধান

ওই আকাশের দিকে চেয়ে দেখো
দূর থেকে তাকালে মনে হয় আরেকটু কাছে গেলে
তাকে দুহাত দিয়ে ছুঁতে পারব
অথচ যতটা কাছে যাই, ততটাই দূরত্ব বাড়ে
আমার আর আকাশের মধ্যে।
জানো আকাশের নীলছে রঙে রোজই
নিয়ম করে তোমার নামে চিঠি পাঠাই মেঘের খামে
মেঘের ভেলায় ভেসে ভাবনাগুলো উড়ে চলে
এপাড়া থেকে ওপাড়া তোমার খোঁজে।
তুমি জানো মেঘের শহরের মেঘকন্যা
সাত রঙে নিজেকে সাজায় আর আমি কেবলই
ওই এক রঙে নিজেকে রাঙাই প্রতিটা মুহূর্তে,
আমার রাজ্যে নীল রং ব্যতীত কোনো রং নেই
সেই নীল রঙে নিজেকে বারংবার হারাই।