ইডিপাস

অলংকরণ: তুলি

জন্মটা তোমার ত্র্যহস্পর্শী
বিশ্বের কাছে উন্মার্গগামী,
সিথেরাইন পর্বতে মৃত্যুর অপেক্ষা
তিলে তিলে নিজেকে শেষ করার আকাঙ্ক্ষা।
স্ফিংসের ধাঁধার সমাধান করে—
নিজেই জড়িয়ে গেলে নিয়তির বেড়াজালে,
ভাগ্য যেন অমোঘ জ্যামিতি
নিজ রক্তের কালি দিয়ে আঁকা হলো বিধিলিপি।
তত্ত্বের সন্তান ভবিষ্যতের দণ্ডে দগ্ধ
চোখে ছিল আলো, দর্শন ছিল নিস্তরঙ্গ।
সরল চেতনায় ছিল নক্ষত্র—
তবু কক্ষপথ ছিল গভীর অন্ধকারে নিমজ্জিত।
দৃষ্টি হারিয়ে দেখ অনন্তের শূন্য প্রান্তরে
দেবতা হাসে, মানব কাঁদে ধরণিতে
তবু চলছে চিরচেনা সেই গান।