মনটা পড়ে থাকে

অলংকরণ: মাসুক হেলাল

আজকাল মনটা মুর্দা হয়ে পড়ে থাকে চৌকাঠে,
আমাকে বিদায় বলতে গিয়ে
যেখানে একান্তে হোঁচট খেয়েছিলেন আম্মা।
আম্মাকে ভীষণ মনে পড়ে,
তবে শ্বাসরুদ্ধ সময়ের বার্নিশে
ভুলে গেছি আজ শেষ মুলাকাতের দিন-তারিখ,
তবু মনে পড়ে আঁচলের গিঁটে মজুত রাখা
সিকি, আদুলি কিংবা গম্ভীর চিত্রা হরিণ।
আমাকে জাগিয়ে তুলে মিনারের সালাত-আহ্বান
মক্তব থেকে সমস্বরে ভেসে আসা শৈশব,
আমি পড়ে থাকি, মন পড়ে থাকে
জানালার কার্নিশে ডানাভাঙা চড়ুই পাখি হয়ে।