শূন্যতত্ত্বে প্রেমের অনুবাদ

প্রতীকীছবি: ফ্রিপিক

কে তবে নিঃশব্দে ডাকে—তুমি নাকি আমি?
নাকি দুই হৃদয়ের মাঝখানে জন্ম নেওয়া কোনো অনামা ব্যথা,
অলক্ষে ছুঁয়ে যায় দিগন্তের শিরা?
মৌনের কপালে কেন এত অচেনা রেখা,
কোন অভিমানে জমে ওঠে এত দীর্ঘ অপেক্ষা?
আমি পা বাড়াই, তুমি থেমে যাও বাতাসের কোল ঘেঁষে,
অথচ দূরত্বের বুকে কাঁপে অদৃশ্য সেতু।
শুনেছি, তুমি থাকো স্বপ্নের সাতচূড়ায়,
রাতের দরজায় ঝোলানো জোনাকির প্রদীপে
লিখে রাখো ফেরার ঠিকানা।
লোককথার বনে হারানো রাজকন্যা তুমি,
মেঘের গায়ে আঁকা অলিখিত মানচিত্র।
তবু কেন বাস্তবের ধুলো মুছে
তোমার মুখখানি দেখি না একমুহূর্ত?
চারপাশজুড়ে যদি তোমারই শ্বাস,
তবে আমায় শিখিয়ে দাও উড়ে যেতে শূন্যতার ওপারে—
যেখানে ভালোবাসা আর বেদনা
একই আলোর নদীতে গলে যায়।
উড়নির আড়ালে তুমি, জানি,
তবু চোখের ভেতর জ্বলে ওঠে তোমার নাম।
এই অদেখা দেখার সাধ
কবে পূর্ণ হবে—
বলবে কি, হে নিঃসঙ্গ বিস্ময়?