রুদ্র ও রোদেলার কাব্যকথা

ছবি: এআই/বন্ধুসভা

রুদ্র
তোমার নীরবতায় প্রকাশ পায়—
যা কিছু বলি আমি,
সব মিথ্যা সব অভিনয়!
তবে তোমার ভাবনা মিথ্যা;
আমিই সত্য!
সারাটা সন্ধ্যা কেটেছে পাংশুটে
চারদিকে মৌনতার মিছিল
হৃদয় কেঁপেছে কেবল ফেলে আসা এক মুগ্ধ দুপুরের স্বপ্নে বিভোর মুহূর্ত।
দূরের নদী সুর তোলে
অবসন্ন বিরহিনী করুণ চোখে
প্রিয়র মুখ খোঁজে!
প্রিয় মুখ সে তো স্বপ্ন
কাছে ডেকে তৃষ্ণা মেটায়
অতঃপর আঘাতে আঘাতে
হৃদয়কে করে চূর্ণ–বিচূর্ণ।

জানো,
আজকাল ঘুমেরাও করছে টালবাহানা
নির্ঘুম আমি খোলা বারান্দায় গাছের সঙ্গে কথা বলি
তারা গুনি, গুনগুন গান ধরি  
অস্থির আমি মুহূর্তেই ঘরে ফিরি
লিখতে বসি কবিতা
কবিতা ছেড়ে শুনি গান
নাহ্ কোনো কিছুতেই বসে না মন!
স্তব্ধ নীরবতা, রুদ্ধকণ্ঠ স্তম্ভিত।
অলক্ষ্যে অশ্রু গড়িয়ে পড়ে।
আমার অন্তরাত্মাজুড়ে কেবলি তুমি
নিশ্বাস ফেলে আঘাত গোপন করি।
বিশ্বজগতে কোথায় গৃহযুদ্ধ হয় না বলো?
রাজসভা হয়, ষড়যন্ত্র হয়, যুদ্ধ হয়
আবার মিলনও হয়!
আমরা কি আবার মিলতে পারি না বলো?