তোমার স্মৃতিই আমার সঙ্গী

প্রতীকীছবি: প্রথম আলো

প্রিয়,

অনেক দিন পর তোমাকে লিখছি। জানি, এই চিঠি হয়তো কখনো তোমার হাতে পৌঁছাবে না কিংবা পৌঁছালেও তুমি পড়বে না। তবু কিছু কথা আছে, যা শুধু তোমাকেই বলতে ইচ্ছা করে। এমন কিছু অনুভূতি, যা কেবল তোমার সঙ্গেই ভাগ করে নিতে চাই।

কেমন আছ তুমি? মনে আছে, যখন তোমার সঙ্গে শেষ দেখা হয়েছিল, তখন আকাশটা মেঘে ঢাকা ছিল। মনে হয়েছিল, সেই মেঘগুলো যেন আমাদের ভেতরকার অস্পষ্টতা আর অপ্রকাশিত কথাগুলোকেই প্রতিফলিত করছে। তোমার চোখের দিকে তাকিয়ে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। এখনো সেই কথাগুলো মনে কুরে কুরে খায়।

কখনো ভেবেছ, আমাদের যদি আরেকটা সুযোগ থাকত, আমরা কি আলাদা কিছু করতে পারতাম? হয়তো না, হয়তো আবারও সেই একই ভুলগুলো করতাম। তবু মাঝেমধ্যে মনে হয়, যদি আরেকবার চেষ্টা করতাম...।

যখনই স্মৃতির পাতা ওলটাই, তোমার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। মনে হয়, এখনো আমার পাশেই আছ। হয়তো আমাদের গল্পটা এখানেই শেষ হয়নি।

তোমার জীবন নিশ্চয়ই অনেক দূর এগিয়ে গেছে, আর আমি সেই পুরোনো দিনের স্মৃতির মধ্যেই আটকে আছি। এটাই হয়তো বাস্তবতা। তোমাকে ভালোবেসেছি, তোমার সঙ্গের প্রতিটি মুহূর্তকে ভালোবেসেছি, আর সেই ভালোবাসাই আমাকে আজ এই চিঠি লিখতে বাধ্য করেছে।

ভালো থেকো। জীবনের প্রতিটি মুহূর্তে সুখী থেকো, এই কামনা করি। হয়তো একদিন আমাদের গল্পটা অন্যভাবে লেখা হবে। তত দিন পর্যন্ত তোমার স্মৃতিই আমার সঙ্গী।

যদি চিঠিটি পড়ে থাকো, উত্তর দিয়ো। জানি তুমি অব্দি এটা পৌঁছাবে না। তবু যদি পেয়ে থাকো, অনিচ্ছা হলেও বিরক্তি মিশিয়ে একটি উত্তর দিয়ো।

ইতি,
রিয়া

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, পঞ্চগড় বন্ধুসভা