ফিরে পেতে চাই শৈশবের সকাল

দুরন্ত শৈশব, প্রতীকীছবি: রাফি হাসান

শৈশবকাল—এক সোনালি স্বপ্ন,
যেখানে ছিল শুধু হাসি, ছোটাছুটি, আনন্দের সুর,
না ছিল চিন্তা, না কোনো হিসাব,
দায়িত্বহীন এক দুরন্ত ভোর।

তখন খেলাই ছিল রাজনীতি,
লুকোচুরি, মার্বেল, কিংবা ঘুড়ির লড়াই—
মা-বাবার হাত ধরে ঈদের বাজার,
নতুন জামা গোপনে রাখা, যেন চমক হয় ঈদের দিনটায়।

একটি চকলেটেও ছিল উৎসবের রং,
একটি চড়ুইভাতিতেই বন্ধুত্বের সুর,
ক্লান্তি শব্দটাই ছিল অপরিচিত,
আর সুখ? ছিল নিতান্ত সহজ এক পুরস্কার।

তখন কারও মুখের পেছনে ছিল না বিষ,
হৃদয়গুলো ছিল মুক্ত, বিশুদ্ধ, নির্ভেজাল,
কে ভালো কে খারাপ, এসব ভাবনার ভার
শৈশবের পাতায় ছিল না একটুও কাল।

আবদার মানেই মায়ের কোলে মাথা,
বাবার মুখে নরম এক হাসি—
তখন বুঝিনি, সেই হাসির আড়ালে
জেগে থাকে কত ত্যাগ, কত নীরব আশি।

আজ বড় হয়ে দেখি—
মানুষ মুখোশে ঢাকা এক কঠিন সময়,
চারদিকে হিংসা, প্রতিযোগিতা, প্রলোভন,
বন্ধুত্বে থেকেও, থেকেও নেই কেউ সত্যিই আপন।

তাই ফিরে পেতে চাই—
শৈশবের সেই সকাল,
যেখানে জেগে উঠতাম আনন্দের রোদে,
আর রাতে ঘুম আসত গল্পের রূপকথায় ঢলে।

আজও চোখ বন্ধ করলেই দেখি,
সে শৈশব আমায় ডাকে, নিঃশব্দে, নরম করে—
‘ফিরে আয়, এখানে নেই হিংসা, নেই ব্যথা,
শুধু একফোঁটা ভালোবাসা আর রঙিন ভোরে ভেজা ঘাসপাতা।’