পরের জন্মে বৃষ্টি হব
মেঘ জমেছে ঝোড়ো হাওয়ার বুকে,
দূরের গাঁয়ে আঁধার মেখে বৃষ্টি পড়ে।
ছাদের টবে উঠছে ফুটে বিষাদগুলো,
সব অভিমান সাঁতার কাটে কাচের ঘরে।
আউলবাউল জন্ম কাটে এসব দেখেই
পরেরবারে বৃষ্টি হব আষাঢ় মাসে।
ঠোঁটের কোণে নামব ভীষণ আদর হয়ে,
ঝাপসা হয়ে থাকব মিশে আয়ুর পাশে।
ঝরনা হব, থাকব আদিম বনের কোলে,
কুয়াশা দিন কুড়িয়ে নেব আঁজলা ভরে
মন কেমনের রাত্রি নামে পাহাড় দেশে।
পরের জন্মে লিখব চিঠি নদীর ঘরে
আস্ত পাগল—বলবি জানি এসব শুনেই,
আচম্বিতে তবু তোকে খুব ভেজাব।
একটা জন্ম যেমন–তেমন যাচ্ছে কেটে—
পরের জন্মে ঠিক দেখে নিস বৃষ্টি হব...