আমার বাগান
আমার একটা ছোট্ট বাগান ছিল। ফুলের বাগান।
সেই বাগানের সৌরভে ম ম করত চারিপাশ।
তার সে কী সুবাস! নিমেষেই পৃথিবীর সব সুন্দর সুঘ্রাণকে হার মানিয়ে
রাজত্ব করত আমার শহরজুড়ে।
তারপর, বাগানটা যখন বিলীন হয়ে গেল কালের বিবর্তনে,
সেই সাথে হারিয়ে গেল আমার অনেক কিছু।
হারিয়ে গেল আমার বাগান করার সদিচ্ছা; গন্ধ নেবার মানসিকতা; হারাবার ভয়ে ভীষণ যত্নের তড়িঘড়ি ইত্যাদি ইত্যাদি।
এরপর বাগান দেখেছি অনেক, সুবাসও নেহাত মন্দ নয়।
কিন্তু সেসব বাগানকে না নিজের করতে পেরেছি
আর না পেয়েছি সেই সুবাস!
যে সুবাস নিয়ে লিখতে গেলে শেষ হয়ে যাবে এক মহাসমুদ্র কালি; দিন ফুরিয়ে রাত আর রাত ফুরিয়ে দিন কাটতে থাকবে এক কোটি দশ বছর ধরে।
সেটাই আমার বাগান।
যা হারিয়েছি চিরতরে; মিশে গিয়েছে কালের গহ্বরে।