আসছে ফাগুনে ফুল হয়ে ফুটব

প্রতীকীছবি: এ কে এম ফয়সাল

আমাকে ভালো রাখতে গিয়ে,
প্রতিবারই পরাস্ত হয়েছি নিজের কাছে।
ভাগ্যের সঙ্গে আমার আজন্মকাল শত্রুতা;
যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক আকাশ আর জমিনের।
বয়ে চলা নদীটার বুকে, ফেনার মতোই নিদারুণ
ভেসে চলেছি একা নিস্তব্ধে;
জীবন সমুদ্রে যখন ভেসে আসে অযাচিত বিরহ ব্যথা
ভালো থাকার রোজকার খাদ্যাভ্যাসের সঙ্গে,
তখনো গুলিয়ে ফেলছি নিজেকে।
এ জনমে আর শখের নেশায় মাতাল হব না!
সুনসান বিকেলে, ঝরে যাব একদিন পাতার মতো।
অঘোষিত যুদ্ধে বিধ্বস্ত করব, একেকটা ভাঙা পাঁজর।
হৃদয়মন্দিরে জমানো যত খুচরো স্মৃতি, মুছে
দেব ঠিক আপন হাতে।
আমাকে ভালো রাখার আর কোনো সুযোগ দেব
না নিজেকে।
বৃথাই একটা জীবন, কাটিয়ে দেওয়া যায় খুব অনায়াসেই;
পৃথিবীর সৌন্দর্য উপলব্ধি করে।
এই যদি হয় ভালো থাকা; তবে তাই হোক
আসছে ফাগুনে নাহয় ফুল হয়ে ফুটব।