মেঘের সাথে চাঁদ করছে যে লুকোচুরি খেলা,
শশী কখন উঠবে হেসে, ভাবছি নিশিবেলা।
হঠাৎ করে উঁকি দিয়ে যায় সে আবার চলে,
ক্ষণে আলো ক্ষণে আঁধার মনটা পুড়ে জ্বলে।
বাতায়নে চুপটি বসি চাঁদটা দেখার লোভে,
মেঘের লাগি ফিকে হলো হৃদয়-আকাশ ক্ষোভে।
সুপ্ত স্বপ্ন জাগে মনে, যদি হতাম তারা,
চাঁদের সাথে সখ্য গড়ে হতাম আত্মহারা।
দূর হতে এক অচেনা সুর ভেসে আসে মনে,
নিঝুম রাতে রুপালি দ্বীপ, বিভোর হই যে ক্ষণে।
আরজি করি ওগো বারিদ! চাঁদ দিয়ো না গো ঢেকে,
আঁধার মুখটা সরে নাও না হৃদয়–আকাশ থেকে।
নিস্পৃহ চোখ তন্দ্রাহারা, স্বপ্নজগৎ ঘুরে,
আশার প্রদীপ ভাবাবেগে আঁকে চিত্তজুড়ে।
এমনি করে প্রভাত হলো সূর্যি উঠল হেসে,
রঙিন আভায় রাঙিয়ে খুব ঘুম ভাঙাল শেষে।