শহরের কবিতারা হারিয়ে গেছে
এই শহরের কবিতারা হারিয়ে গেছে
কবির মুখ তাই বিবর্ণ-বিষণ্ন।
উপমার ঘাটতি, কথার জোগান দেওয়া হয়ে পড়েছে
বেশ ব্যায়বহুল কষ্টসাধ্য, হাতের নাগালের বাইরে সব ছন্দ
আকাশের বুকে সাদা মেঘগুলো আর হাসে না
শরতের পূজারাঙা আগমনী গানে।
আমি কি দেবী হতে পারব না ঈশ্বর, লাল-সাদা শাড়িতে
আলতার রঙে কি রঙিন হবে না আমার মসৃণ পা-জোড়া
তবু মন থেকে চাই কোনো এক সবুজ পাহাড়ে
সবুজ পাতার প্রাকৃতিক মণ্ডপে
আমার হাতেই হোক সব অনিয়ম-অত্যাচারের
অসুর নিধন।