আমরা দুজনে
আমরা ভাসতে ভাসতে এসেছি,
আলো-আঁধারে দুজনে মিশেছি
বুনো বাসনার বিভোরে...
একজনে জলকেলিতে মেতেছি,
আরেকজনে অশ্রুমালা গেঁথেছি,
ভেসেছি, ডুবেছি নহরে...
আমরা শুধুই নিজেকে চিনেছি,
দুজনের হৃদয় কি ছুঁতে পেরেছি?
কে কার জন্য উদ্বেলিত...
আমরা প্রেমে প্রতিশোধ নিয়েছি,
আমরা এঁকেছি, আবার ছিঁড়েছি,
রঙে-রক্তে রঞ্জিত...
পরিণয়ের পরিণতি লিখেছি,
যেন আপন ভাগ্যকে কিনেছি,
আমরা দুজনে ছন্নমতি...
শ্লেষ-ক্লেদ নিংড়ে পেয়েছি,
ওইটুকুই যার যোগ্য মেনেছি—
হোক তাতে অমরাবতী...