ফিরে যেতে চাই

আহ শৈশব!ছবি: আনিস মাহমুদ

ফিরে যেতে চাই শৈশবের দিনে,
যেখানে রোদ ছিল সোনালি, পথ ছিল নিরবচ্ছিন্ন।
নদীর কূলে বসে কাগজের নৌকা ভাসাতাম,
তখনো জানতাম না; জল কত গভীর হতে পারে!
ফিরে যেতে চাই সেই বিকেলের আলোয়,
যখন তালগাছের ছায়া দীর্ঘতর হতো ধীরে ধীরে,
আকাশজুড়ে দিগন্তের স্বপ্নেরা লুটিয়ে পড়ত,
ভাবতাম; বৃষ্টি এলে রংধনু জমে থাকবে হাতের মুঠোয়।
কখন যে সন্ধ্যা এসে জানিয়ে দিল
আমরা বড় হয়ে গেছি
সেই মাঠ, সেই নদী, সেই গাছেরা
এখনো কি চেনে আমাদের?
ফিরে যেতে চাই সেই অবুঝ কৈশোরে,
যেখানে প্রেম মানে ছিল ফুলের গন্ধ,
আর বুকের ভেতর কেঁপে ওঠা একরাশ শিউলি।
জানতাম না, সময় পেরিয়ে গেলে
প্রেমও একদিন বিবর্ণ হয়ে যায়!
এই নগরের বাতাসে এখন ধুলো আর ক্লান্তি,
এই জীবনের ভিড়ে আমরা হেঁটে যাই নির্বাক,
কিন্তু রাত গভীর হলে হৃদয়ের কোনো কোণে
একটি কিশোর দৌড়ে চলে যায় দূর মাঠের পথ ধরে।
চাই তার পিছু নিতে; ফিরে যেতে চাই তার সঙ্গে
শৈশব, কৈশোর আর অতীতের স্মৃতিময় মুহূর্তে।