আমার জীবনে সবচেয়ে কাছের ও গুরুত্বপূর্ণ যে মানুষটি, তিনি হলেন মা। সবচেয়ে নিরাপদ ও শান্তির আশ্রয়। তিনি যেমন স্নেহ ও ভালোবাসেন, তেমনই আমি কিছু ভুল করলে শাসন করে জীবনের সঠিক পথে এগিয়ে যেতে সর্বোচ্চ ভূমিকা পালন করেন।
আমার মা একজন গৃহিণী। প্রতিদিন ভোরে পরিবারের সবার আগে মায়ের ঘুম ভাঙে। ফজরের নামাজ পড়ে ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে সবার জন্য নাশতা তৈরি করেন। এরপর সারা দিন বিভিন্ন ব্যস্ততায় মায়ের দিন কাটে।
প্রতিদিন মায়ের ডাকে ঘুম ভাঙে। ওনার তৈরি করা চা-বিস্কুট ও নাশতার স্বাদ সারা দিন মুখে লেগে থাকে। নাশতার সময় ওনার সঙ্গে জীবন নিয়ে অনেক গল্প হয়। অফিসে যাওয়ার সময় মা আমার জন্য দুপুরের খাবার তৈরি করে সঙ্গে দিয়ে দেন। সেই খাবার না খেলে দুপুরে যেন পেট ভরে না।
ছোটবেলা মা আমাকে পড়াশোনার জন্য সাহায্য করতেন। মনে আছে, তখন চতুর্থ শ্রেণিতে পড়ি। রাতে পড়া শেষ না করেই ঘুমিয়ে যেতাম। যাতে আমি না ঘুমাই, সে জন্য মা একটি কাঁটা রাখতেন। এই কাঁটা দিয়ে ভয় দেখাতেন। এখনো যদি ভুল করি, মা বকাঝকা দেন। এই শাসন আমাকে সঠিক পথে থাকতে সহায়তা করে।
রাতে অফিস শেষে যখন বাসায় যাই, দেখি মা আমার জন্য বসে আছেন। আমার খাবার পরেই উনি ঘুমাতে যান। আমার কাছে মা জীবনের আলো ও আদর্শ। সারাটা জীবন মায়ের সেবা করে যেতে চাই।
সাধারণ সম্পাদক, ফেনী বন্ধুসভা