অবয়ব নাকি আততায়ী

প্রতীকীছবি: এএফপি

দেয়ালঘড়ির মতো দুলতে থাকা জীবন,
যেমন টিক টিক টিক—
শব্দের সাথে দরজার বাঁ দিক থেকে।
ট্রাফিকের আলোয় আমার ছায়া বড় হয়,
ছোট হয়, মাঝারি হয়, উঁচু-নিচু হয়!
আমার নশ্বর দেহের; কিছু হয় না।
তবু রাত হয় গভীর,
চশমার ঘোলা কাচে আলোর বিচ্ছুরণে ধাঁধায় চোখ!
এই ফার্মহাউসে—
ফেলে দেওয়া আধখাওয়া সিগারেটের ফিল্টারে,
আমি প্রতিবার হতাশায় যাই মরে;
এ যেন নিজেকে আরেকটু পুড়াবার শোক!
এই শোক ওই অবয়বের নেই,
দরজার বাঁ পাশ থেকে, যাকে বলেছি স্বেচ্ছামৃত্যুর কথা!
সে আমাকে—
আত্মহত্যা করতে দেবে না বলে, গতকাল;
খুন করে মিলিয়ে গেল!