হেম লক্ষ্মী
হেম আসে সোনারোদে সাদা মেঘের পাল তুলে
শূন্য গোলা পূর্ণ করে লক্ষ্মী নিয়ে দ্বার খুলে।
ঝিকিমিকি শিশির গায়ে মিষ্টি হাসে দূর্বাঘাস
স্বচ্ছ জলে মনের সুখে খেলা করে পাতিহাঁস।
ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে জেলে চলে নদীর বাঁকে
বনের পাখি গান গেয়ে যায় মিষ্টি সুরে গাছের শাখে।
লাল পদ্ম, শাপলা-শালুক ভাসতে থাকে জলের বুকে,
পাকা ধানের মৌ–গন্ধে চাষি ঘুমায় মনের সুখে।
ভেজা ভেজা নরম হাওয়ায় শিউলি পড়ে গাছের তলে
মাছগুলো সব খেলা করে খালে-বিলে, পুকুর জলে।
আপন দানের আড়াল করে লক্ষ্মী আসে বারংবার
সব মানুষের স্বপ্ন আশা হৈম চাষির অহংকার।