বিশ্বাসের ফুল
আমাকে সহজ করে বলেনি কেউ হে যুবক
হতাশার অনলে পুড়ো না, তোমার হাঁকিছে ভবিষ্যৎ
ভালোবাসার উষ্ণতায় দেয়নি কেউ এমন কোম ওম
অনিদ্রার অবসানে দিতে পারি স্বপ্নময় ঘুম!
আমি হেঁটেছি কেবল পৃথিবীর কোণে কোণে
খুঁজে ফিরেছি ন্যূনতম সুখ
আমি ক্লান্ত হয়েছি, বিশ্রাম শেষে, আবারও হেঁটেছি
দেখিনি কোথাও প্রিয় মানুষের মুখ!
মাথার ওপর পাইনি কখনো বিশ্বাসী কোনো হাত
কেউ বলেনি কোমল স্বরে রাত পোহালেই প্রভাত
আঁধার ঘুচিয়ে আলোর পথের সন্ধান কেউ দেয়নি
কেউ বলেনি ‘উঠে দাঁড়াও’ তোমার কিছুই হয়নি!
একাই হেঁটেছি অচেনা পথে অনেকটা পথ একলা
যখনি পরেছি মুখ থুবড়ে, আকাশ দেখেছি মেঘলা
বিশ্বাস করে নিজেকে তখন, দাঁড়িয়েছি ফের ওঠে
জেনে গেছি আমি হতাশায় নয় বিশ্বাসে ফুল ফোটে!